নিউমোনিয়ায় এক শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত দুই শতাধিক শিশু বহির্বিভাগ ও অর্ধশতাধিক শিশু অন্তর্বিভাগ থেকে চিকিৎসা সেবা নিয়েছে। ১০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটের কারণে রোগীদের মেঝেতে থেকে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। বৈদ্যুতিক লো-ভোল্টেজের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের কফ অপসারণের যন্ত্র সাকার মেশিন ও কৃত্রিমভাবে ফুসফুসে শ্বাস সচল রাখার যন্ত্র নেবুলাইজেশন মেশিন চালু রাখতে সমস্যা হচ্ছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় ১০ অক্টোবর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৪৮ জন নিউমোনিয়ায় আক্রান্ত শিশু অন্তর্বিভাগে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত আটজন শিশুকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ১৬ অক্টোবর বিকিরণ চাকমা (দেড় মাস) বয়সী এক শিশু মারা যায়। সে উপজেলার তারাবুনিয়া এলাকার রিপন চাকমার ছেলে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হওয়া উপজেলার মধ্য বেতছড়ির শাহিন (৫ মাস) নামক শিশুর অভিভাবক শাহজাহান জানান, শিশুর শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য ১৬ অক্টোবর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখনো ভালোভাবে শ্বাস নিতে পারছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলাশ নাগ বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণেই শিশুদের মধ্যে নিউমোনিয়া দেখা দিয়েছে। সচেতনতার অভাবে অধিকাংশ শিশুর অভিভাবকেরা বাইরে নানা ধরনের চিকিৎসা নেওয়ার পর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। শিশুদের শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেওয়া প্রয়োজন। অন্তর্বিভাগে অর্ধশতাধিক নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ভর্তি ছাড়াও বহির্বিভাগ থেকে দুই শতাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।