নিউমোনিয়ায় এক সপ্তাহে ১০০ শিশু আক্রান্ত
বরগুনার আমতলীতে গত এক সপ্তাহে ১০০ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। হাসপাতালে শিশুদের জন্য ভিন্ন কোনো ওয়ার্ড না থাকায় মহিলা ওয়ার্ড ও বারান্দায় চিকিৎসকেরা নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা দিচ্ছেন।আমতলীর হলদিয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের মাছুম মিয়া গত সোমবার নিউমোনিয়া আক্রান্ত তাঁর নয় মাসের শিশু হাফিজাকে ভর্তি করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি জানান, হাসপাতালে নিউমোনিয়া প্রতিরোধক অ্যান্টিবায়োটিক ইনজেকশনের সরবরাহ নেই। তাঁকে বাইরে থেকে ইনজেকশন কিনতে হয়েছে। তিনি বাজার থেকে পাঁচটি ইনজেকশন ৫০০ টাকায় কিনেছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবীন্দ্রনাথ মজুমদার জানান, গত সাত দিনে ১০০ শিশু স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে। হাসপাতালে শিশুদের জন্য কোনো অ্যান্টিবায়োটিক ইনজেকশন নেই।আমতলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইসমত আরা মাহাবুব জানান, মৌসুম পরিবর্তনের কারণে নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। তিনি শিশুদের স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেন।বরগুনার সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম জানান, জেলার পাঁচ উপজেলায় গত নয় মাসে সাড়ে আট হাজার শিশু নিউমোনিয়া বা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে ৩০ জন মারা গেছে।