নিউমোনিয়ায় দিনে ১৩৭ শিশু মারা যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া। দেশে এ রোগে প্রতিবছর প্রায় ৫০ হাজার শিশু মারা যায়। সেই হিসাবে প্রতিদিন গড়ে ১৩৭ শিশুর মৃত্যু হচ্ছে। তবে এ রোগটি প্রতিরোধযোগ্য। এর জন্য দরকার সচেতনতা বাড়ানো। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সেভ দ্য চিলড্রেন আয়োজিত সংবাদ সম্মেলনে শিশু বিশেষজ্ঞরা এসব কথা বলেন। আজ শুক্রবার সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। এ দিবস পালন উপলক্ষে গতকাল এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বছরে যত শিশু মারা যায়, তার চেয়েও বেশি শিশু মারা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। সম্মেলনে জানানো হয়, ২০১১ সালে জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে নিউমোনিয়া প্রতিরোধে নতুন টিকা অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, শিশুদের মধ্যে মায়ের দুধ খাওয়ানোর হার বাড়াতে হবে। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার সন্দেহ হলে সঙ্গে সঙ্গেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সংবাদ সম্মেলনে শিশুরোগ বিশেষজ্ঞ ও সাংসদ এম এস আকবর নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্তকরণের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, দেশে এ রোগের টিকা উৎপাদন করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রাথমিক স্বাস্থ্যসেবা) এ বি এম জাহাঙ্গীর আলম বলেন, জন্মের পরপরই নবজাতককে শুকনো কাপড় দিয়ে মোড়ালে, তিন দিন পর্যন্ত গোসল না করালে, জন্মের আধা ঘণ্টার মধ্যে নবজাতককে মায়ের বুকের ওপর দিলে, শাল দুধ খাওয়ালে এবং টিকা দিলে ৭০ থেকে ৮০ শতাংশ নিউমোনিয়া প্রতিরোধ করা সম্ভব। ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ হানিফ নিউমোনিয়া প্রতিরোধে সচেতনতা তৈরিতে গণমাধ্যমকে এগিয়ে আসার কথা বলেন।সংবাদ সম্মেলনে শিশু বিশেষজ্ঞ নুরুল ইসলাম, আজাদ চৌধুরী, শফিকুর রহমান, বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জনসের প্রেসিডেন্ট নাজমুন নাহার প্রমুখ বক্তব্য দেন।সম্মেলনে জানানো হয়েছে, উপজেলা পর্যায়ের হাসপাতালেও নিউমোনিয়ার ওষুধ আছে। কিন্তু অনেকে তা জানে না।নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর ফুসফুস নীলাভ বর্ণ ধারণ করে। আজ রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রতীকী নীল বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা পালন করা হবে।