নিউমোনিয়ায় ভুগছে শিশুরা
তীব্র শীতে দিনাজপুরে নিউমোনিয়ায় ভুগছে শিশুরা। গত এক সপ্তাহে এই রোগে দুই হাজারের বেশি শিশু আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একটি শিশু মারা গেছে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর শয্যা ও মেঝেতেও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের ঠাঁই হচ্ছে না।
দিনাজপুর আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে জেলায় কখনো কখনো মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। তাপমাত্রা ওঠানামা করছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এ ধরনের আবহাওয়া বিরাজ করবে।
গত সোমবার বেলা ১১টায় শহরের ঘাসিপাড়া এলাকায় বেসরকারি উদ্যোগে পরিচালিত অরবিন্দ শিশু হাসপাতালে গিয়ে দেখা যায়, ৩০ জন মা তাঁদের শিশুদের গরম কাপড়ে জড়িয়ে কোলে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। লাইনে দাঁড়ানো শহরের সুইহারী এলাকার গৃহবধূ ইসমত আরা জানান, দুই দিন ধরে তাঁর মেয়ে রুমার (৪১ দিন) জ্বর। রোববার থেকে কিছু খাচ্ছে না। শুধু কাঁদছে।
অরবিন্দ শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ নায়ীমা খানম জানান, প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসা ১০০ শিশুর মধ্যে ৮০টিই থাকে নিউমোনিয়ায় আক্রান্ত। আগে ৪০ দিনের বেশি বয়সের শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হতে দেখা যেত। কিন্তু এখন এক থেকে ৪০ দিনের শিশুরাও এ রোগে আক্রান্ত হচ্ছে। ওই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবু সালেহ কবীর জানান, বহির্বিভাগে নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত ৭৫ থেকে ৮০টি শিশু প্রতিদিন চিকিৎসা নিচ্ছে।
সোমবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ভিড় বেশি হওয়ায় শয্যা, মেঝে ও বারান্দায় শিশুরোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই হাসপাতালের শিশুরোগ বিভাগের বিভাগীয় প্রধান ওয়ারেস সরকার বলেন, ৪০ শয্যার শিশু ওয়ার্ডে সাধারণভাবে ৫০-৬০ জন রোগী থাকে। কিন্তু ১৫ দিন ধরে ১২০ থেকে ১৩০ জন রোগীকে গাদাগাদি করে রাখতে হচ্ছে।
বহির্বিভাগ সূত্রে জানা গেছে, নিউমোনিয়া, ঠান্ডাজনিত ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্টে আক্রান্ত দুই শতাধিক রোগী প্রতিদিন চিকিৎসা নিতে আসছে। এর মধ্যে ৮০ শতাংশই শিশু।
ওয়ারেস সরকার আরও জানান, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে শিশু ও বয়স্কদের ঠান্ডা লাগানো যাবে না এবং তাদের বেশি করে তরল ও গরম খাবার খেতে হবে। বেশি কান্নাকাটি করলে, খাবার না খেতে চাইলে, পাতলা পায়খানা হলে এবং শ্বাসকষ্ট দেখা দিলে শিশুদের দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে।
সিভিল সার্জন মওদুদ হোসেন জানান, গত সাত দিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩৮ জন ভর্তি হয়েছে। এদের মধ্যে ৮০ শতাংশ শিশু। কিছুদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশু মারা গেছে। মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। এ কারণে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর মৃত্যু নেই বললেই চলে।