নিউমোনিয়ায় ১০ শিশুর মৃত্যু
মেহেরপুর জেনারেল হাসপাতালে গত এক সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত ১০টি শিশুর মৃত্যু হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত তিন শতাধিক শিশু বর্তমানে হাসপাতালে ভর্তি আছে।হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ওবায়দুল ইসলাম জানান, ঘন ঘন আবহাওয়া পরিবর্তন ও ঠান্ডার কারণে শিশুরা এই রোগে ভুগছে। অনেক অভিভাবক শিশুকে বিলম্বে হাসপাতালে ভর্তি করানোয় বাঁচানো যাচ্ছে না।গতকাল সোমবার হাসপাতালে গিয়ে দেখা যায়, অধিকাংশ শিশুর মা নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে নিয়ে হাসপাতালের মেঝেতে অবস্থান নিয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন। হাসপাতালের শিশু ওয়ার্ড সূত্রে জানা গেছে, গত সাত দিনে হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত ১০টি শিশুর মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ৩৫-৪০টি নতুন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। বর্তমানে প্রায় ৩০০ শিশু হাসপাতালে ভর্তি হয়ে আছে।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অলোক কুমার দাস জানান, হাসপাতালে ৪২টি চিকিৎসক পদের মধ্যে আছেন ১১ জন। তা ছাড়া শুধু নিউমোনিয়া রোগে আক্রান্ত প্রায় ৩০০ শিশু ভর্তি আছে। অধিকাংশ শিশুই বিছানা না পেয়ে মেঝেতে শুয়েই চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। তাই শিশুদের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।