নিউরোসার্জন রশিদ উদ্দিনের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত নিউরোসার্জন রশিদ উদ্দিন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার নরসিংদীর বেলাবতে পারিবারিক কবরস্থানে বেলা আড়াইটায় তাঁকে দাফন করা হয়। এর আগে স্থানীয় গিয়াসউদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে বাদ জোহর রশিদ উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান উপস্থিত ছিলেন।
স্বাধীনতা পুরস্কার পাওয়া এই চিকিৎসকের মৃত্যুকে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান ও মহাসচিব এম ইকবাল আর্সলান এবং নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের প্রফেসর ইমেরিটাস রশিদ উদ্দিন আহমদ (৭৭) গত শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। গতকাল সকাল ১০টায় বিএসএমএমইউর মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, উপাচার্য কামরুল হাসান খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন। এরপর তাঁর মরদেহ নরসিংদী নিয়ে যাওয়া হয়।
রশিদ উদ্দিন বিএসএমএমইউর নিউরোসার্জন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। দেশের চিকিৎসাবিজ্ঞানের বিশেষায়িত শাখা হিসেবে নিউরোসার্জারির বিকাশ তাঁর হাত ধরেই শুরু। বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। বিজ্ঞপ্তি।