নিকট আত্মীয়ের মধ্যে বিয়েতে সন্তানের বধিরতার ঝুঁকি বেশি
বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকেরা বলছেন, অন্তঃসত্ত্বা মাকে টিকা দিলে সন্তানের বধির হওয়ার আশঙ্কা অনেক কমে যায়। অন্যদিকে নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে হলে ওই দম্পতির সন্তানের বধির হওয়ার ঝুঁকি বেশি থাকে। বধির শিশুর আঘাত পাওয়ার ঝুঁকি বেশি।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনুষ্ঠিত আলোচনা সভায় তাঁরা এ কথা বলেন।
বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। দিনটির এবারের প্রতিপাদ্য ‘বাল্যকালীন বধিরতা: এখনই ব্যবস্থা নিন, এভাবে’।
মূল উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক নাসিমা আক্তার বলেন, রুবেলা ও সিএমভি ভাইরাসে আক্রান্ত হলে শিশু বধির হতে পারে। অন্তঃসত্ত্বা মাকে টিকা দিলে শিশু রুবেলা ও সিএমভি ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পায়। তিনি বলেন, নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে হলে সেই দম্পতির সন্তান বধির হওয়ার আশঙ্কায় থাকে। মাকে টিকা দিয়ে ও আত্মীয়ের মধ্যে বিয়ে বন্ধ করে বধিরতার প্রকোপ কমানো সম্ভব। এ ছাড়া শিশু বধির কি-না তা তাড়াতাড়ি শনাক্ত করতে হবে। শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একজন বধির শিশুকে স্বাভাবিক শিশুর সব সুযোগ-সুবিধা ভোগ করতে দিতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ সোসাইটি অব অটলজির সভাপতি মো. আবুল হাসনাত জোয়ারদার বলেন, বাল্যকালীন বধিরতার সবচেয়ে বড় প্রভাব পড়ে ভাষা শিক্ষার ওপর। যোগাযোগের অসুবিধার কারণে শিশুর মধ্যে ক্রোধ, উদ্বিগ্নতা, একাকিত্ব ও আবেগ বা মানসিক সমস্যা দেখা দিতে পারে।
অনুষ্ঠানে ২০১৩ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য উদ্ধৃত করে বলা হয়, দেশের ৩৪ দশমিক ৬ শতাংশ মানুষ কোনো না কোনো মাত্রার শ্রবণ সমস্যায় ভুগছে। ৯ দশমিক ৬ শতাংশ মানুষ প্রায় শ্রবণ প্রতিবন্ধী, তাদের দুই কানেই সমস্যা। ১ দশমিক ২ শতাংশ মানুষের শ্রবণ ক্ষমতার ৬০ শতাংশ এবং শতকরা ১ দশমিক ২ ভাগ মানুষের শ্রবণ ক্ষমতার ৯০ শতাংশই নষ্ট।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএসএমএমইউয়ের উপাচার্য কামরুল হাসান খান ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব এম ইকবাল আর্সলান বক্তব্য দেন।
বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে বাংলাদেশ সোসাইটি অব অটলজি।