নিকলিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলি উপজেলার সিংপুর ইউনিয়নের সিংপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের দুজন নিহত হয়েছেন। উভয় পক্ষে আহত ২০ জনকে নিকলি, করিমগঞ্জ, মিঠামইন ও কিশোরগঞ্জের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিংপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হাশিম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনের পক্ষের লোকজনের মধ্যে আগে থেকেই শত্রুতা ছিল। এর জের ধরে আজ বিকেলে আবদুল হাশিমের পক্ষের দুজনকে মারধর করেন হারুনের লোকজন। এ ঘটনার পরই উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় হাশিমের পক্ষের ওয়াইজ করনি (৩৪) গুলিবিদ্ধ হয়ে এবং হারুনের পক্ষের কাঞ্চন মিয়া (৪৫) মাথায় দায়ের কোপের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।

অষ্ট্রগ্রাম সার্কেলের এএসপি জামাল উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, নিকলির সিংপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রায় ২০-২৫টি গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ২০ জন আহত হয়েছে। এখন পরিস্থিতি শান্ত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

সিংপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুুল হাশিম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও তাঁদের পাওয়া যায়নি। তাঁদের ফোন বন্ধ রয়েছে।