নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু নেই আর নেই
কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবেদনবিদ ও স্ত্রীরোগ চিকিৎসক না থাকায় ছয় বছর ধরে প্রসূতির অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। এতে হাওরবেষ্টিত এ উপজেলার প্রসূতিরা কম খরচে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া এক্স-রে যন্ত্রটি সাত বছর ধরে বিকল৷ আর রেডিওগ্রাফারের পদটি শূন্য দুই বছর ধরে৷
এ অবস্থায় উপজেলার দেড় লক্ষাধিক মানুষের প্রধান এই সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য এসে অনেককে হতাশ হয়ে ফিরতে হচ্ছে৷
উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্্রী গ্রামের মনির উদ্দিনের সঙ্গে গতকাল বুধবার (১৮ জুন) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হয়৷ তিনি বলেন, ‘জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক আজ ১৮ জুন আমার স্ত্রীর সিজারিয়ান অস্ত্রোপচার করাতে বলেছেন৷ আমি গরিব মানুষ৷ টাকার অভাবে অস্ত্রোপচারের জন্য স্ত্রীকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে আনি। কিন্তু এখানে চিকিৎসক না থাকায় কোনো প্রসূতিরই নাকি অস্ত্রোপচার হয় না। এখন আবার বাড়ি যাচ্ছি৷ টাকা জোগাড় করে স্ত্রীকে ওই হাসপাতালেই নিচ্ছি৷ এতে আমার টাকাও গেল৷ মাঝখান থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভোগান্তিও পোহাতে হলো৷’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে প্রসূতি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা নিশ্চিত করতে ২০০৮ সালের আগস্টে হাসপাতালে ১০ শয্যার আলাদা একটি ভবন নির্মাণ করা হয়। ওই বছরের ১০ আগস্ট থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এখানে ছয়জন প্রসূতির অস্ত্রোপচার করা হয়। কিন্তু ডিসেম্বরে অবেদনবিদ মোজাম্মেল হোসেন ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সেলিনা হক বদলি হয়ে অন্যত্র চলে যান। সেই থেকে পদ দুটি শূন্য। এর পর থেকে গত ছয় বছরে এখানে আর কোনো প্রসূতির অস্ত্রোপচার হয়নি। এখন শুধু অস্ত্রোপচারই বন্ধ না, হাসপাতালের দোতলা ওই ভবনে চিকিৎসার বিভিন্ন যন্ত্রপাতিও অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক বলেন, অবেদনবিদ ও গাইনি চিকিৎসক না থাকায় প্রতিবছর স্বাস্থ্য কমপ্লেক্সে আসা প্রায় ৫০০ নারীকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এক্স-রে যন্ত্র বিকল সাত বছর: স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি ৮২ মাস ধরে বিকল। এক্স-রে বিভাগের রেডিওগ্রাফারের পদটিও দুই বছর ধরে শূন্য। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০০৭ সালের ৮ আগস্ট যন্ত্রটি বিকল হয়ে যায়। এর পর আর এটি মেরামত করা হয়নি৷ উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবদুল মজিদ বলেন, অবেদনবিদ ও স্ত্রীরোগের চিকিৎসকের পদ পূরণে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে৷ আর এক্স-রে যন্ত্রটি মেরামতের জন্য কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েও কোনো কাজ হচ্ছে না৷ যন্ত্রটি মেরামত করা হলেই রেডিওগ্রাফার নিয়োগ দেওয়ার ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। কিশোরগঞ্জের সিভিল সার্জন মৃণাল কান্তি পণ্ডিত বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।