নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ চলছে ঢিমেতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ চলছে ঢিমেতালে। কর্তৃপক্ষ ঠিকাদারকে কাজ দ্রুত সম্পন্ন করার জন্য চিঠি দিলেও কোনো কাজ হচ্ছে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য একটি দ্বিতল ভবন নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা ইউনিট (সিএমএমইউ)। নির্মাণকাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কাজল বিল্ডার্স। ২০০৮ সালের ১৬ জুন নির্মাণকাজ শুরু হয়। ২০০৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু এ যাবৎ ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুরহান উদ্দিন বলেন, যে গতিতে কাজ চলছে, তাতে কোনোভাবেই ঠিকাদারের পক্ষে ২০১০ সালের মধ্যেও ভবনটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া সম্ভব নয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মকর্তা বলেন, দ্বিতল এ ভবনের পিলারগুলো দুমাস আগে ঢালাই দিয়ে ঠিকাদারের লোকজন এলাকা থেকে চলে গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, মাঝেমধ্যে কাজ চলে, আবার বন্ধ থাকে। এভাবেই ২১ মাসে প্রায় ৩০ শতাংশ কাজ হয়েছে। স্বাস্থ্য বিভাগের কিশোরগঞ্জের নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা ইউনিটের (সিএমএমইউ) উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার জন্য দুই দফা চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কাজল বিল্ডার্সের মহাব্যবস্থাপক ইরফান ইকবালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, যে জায়গায় ভবন নির্মাণ হচ্ছে, সেখানে বন বিভাগের গাছ ছিল। তাদের অনুমতি নিয়ে গাছগুলো কাটতে সময় লেগেছে। তবে ২০১০ সালের মধ্যে কাজ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।