নিকলীতে আ.লীগ ও বিএনপির সংঘর্ষে দুইজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওর উপজেলা নিকলীর সিংপুর গ্রামে গতকাল শুক্রবার আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
নিহত ব্যক্তিরা হলেন আওয়ামী লীগের সমর্থক ওয়াজকুরুনি (৩৪) ও বিএনপির সমর্থক কাঞ্চন মিয়া (৪৫)। দুজনের বাড়িই সিংপুর গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত পয়লা বৈশাখে উপজেলার সিংপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হাশিমের অনুসারীরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে সিংপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন মিয়ার অনুসারীরা হামলা চালান। সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধ হন। এ নিয়ে দুই পক্ষে মামলা-মোকদ্দমা চলছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এর জের ধরে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে হারুন মিয়ার অনুসারীরা আবদুল হাশিমের অনুসারী দিপ্তি মিয়া ও আসকর মিয়াকে মারধর করেন। খবর পেয়ে হাশিমের নেতৃত্বে তাঁর অনুসারীরা অস্ত্রশস্ত্র নিয়ে ছুটে আসেন। শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে হাশিমের পক্ষের ওয়াজকুরুনি ঘটনাস্থলেই মারা যান। আর প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান হারুনের অনুসারী কাঞ্চন মিয়া।
প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হন। তাঁদের কিশোরগঞ্জ সদর হাসপাতাল এবং করিমগঞ্জ ও মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, অষ্টগ্রাম সার্কেলের এএসপি জামাল উদ্দিন ও নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশ নিকলী থানায় নিয়ে আসেন। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলাও করেনি কোনো পক্ষ।
কিশোরগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ফের অপ্রীতিকর ঘটনা এড়াতে সিংপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আবদুল হাশিম ও হারুন মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়ায় এ ব্যাপারে তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।