নিকলীতে কৃষি ও মাটি গবেষণা কেন্দ্র নেই
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ১২ মাসে ৬৫ জাতের ফসল উৎপাদিত হলেও এখানে কৃষি গবেষণা ও মৃত্তিকা পরীক্ষা কেন্দ্র নেই। তাই কৃষকেরা উৎপাদিত ফসলের ভালো-মন্দ দিক সম্পর্কে জানতে পারছেন না। তা ছাড়া, নতুন নতুন ফসলের জাত, উন্নত চাষ পদ্ধতি ও স্থানীয় ভিত্তিতে চাষের কলাকৌশল সম্পর্কে তাঁরা অন্ধকারে থাকছেন। প্রয়োজনে এ উপজেলার কৃষিজমির মাটি ও ফসল পরীক্ষার জন্য ময়মনসিংহ কেন্দ্র (আসআরডিআই) বা ঢাকায় পাঠানো হয়। পরীক্ষার ফলাফলের জন্য উপজেলা কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকদের অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। কখনো বা সেই ফলাফল আসতে আসতে মৌসুম শেষ হয়ে যায়। নিকলী সদর ইউনিয়নের বানিয়া হাটি গ্রামের কৃষক শুক্কুর মাহমুদ (৪৮) বলেন, ‘কখন কোন ফসল কীভাবে লাগাতে হবে, তা আমরা জানি না। এতে ফলন কম হয়, খরচ বেশি পড়ে। নিকলীতে একটি ফসল ও মৃত্তিকা গবেষণা কেন্দ্র স্থাপন করা হলে আমরা অনেক উপকৃত হতাম।’ সিংপুর গ্রামের বাদামচাষি সুনামদ্দিন মিয়া (৬৫) বলেন, ‘জমিতে সমস্যা দেখা দিলে আমরা কৃষি কর্মকর্তাদের কাছে ছুটে যাই। তাঁরা জমির মাটি পরীক্ষার জন্য মৃত্তিকা গবেষণা কেন্দ্রে পাঠিয়ে থাকেন। ফলাফল আসতে পাঁচ থেকে ছয় মাস লেগে যায়। আমরা তাৎক্ষণিক করণীয় সম্পর্কে জানতে পারি না। এভাবে আমাদের ফসলের ফলন খারাপ হয়।’ নিকলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন বলেন, কোন আবহাওয়ায় কোন মাটিতে কোন ফসল ফলাতে হবে, তা উপজেলার শতকরা ৮৫ ভাগ কৃষকই জানেন না। মাটি পরীক্ষার জন্য অন্য জায়গায় পাঠালে তার ফলাফল আসতে ওই ফসলের মৌসুম আর থাকে না। নিকলী উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, সাতটি ইউনিয়নে ১৬ হাজার ৮৯০ হেক্টর আবাদি জমি রয়েছে। এসব জমিতে ৬৫ রকম ফসল ও সবজি উৎপাদিত হয়। নিকলী সদর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আ. করিম জানান, কোনো ফসলের জমির মাটির জন্য এ এলাকায় কী পরিমাণ রাসায়নিক সারের প্রয়োজন, আজ পর্যন্ত তার সঠিক তথ্য জানা যায় না। ফলে আঞ্চলিক তথ্যের ওপর নির্ভর করে কৃষকেরা রাসায়নিক সারের প্রয়োগ নির্ধারণ করেন। এ কারণে অনেক সময় ফসলের ক্ষতি হয়। মাটি পরীক্ষা ও ফসল গবেষণা কেন্দ্র যদি কিশোরগঞ্জ জেলায় থাকত, তাহলে ৭২ ঘণ্টার মধ্যে ফলাফল পাওয়া যেত। তখন দ্রুত গতিতে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হতো। সংশ্লিষ্ট স্থানীয় কৃষি কর্মকর্তারা বলেন, এখানে মাটি পরীক্ষা ও কৃষি গবেষণা কেন্দ্র থাকলে উপজেলায় কর্মরত ১৯ জন উপসহকারী কৃষি কর্মকর্তা উচ্চতর প্রশিক্ষণ পেয়ে কৃষিপ্রযুক্তি সম্পর্কে দ্রুত কৃষকদের ভালো পরামর্শ দিতে পারবেন। নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এখানে একটি মাটি পরীক্ষার কেন্দ্র স্থাপনের জন্য লিখিত আবেদন করা হয়েছে।