নিকলীতে খাদ্যে বিষক্রিয়ায় শতাধিক ব্যক্তি অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। গত শুক্রবার একটি বিয়েবাড়িতে দাওয়াত খাওয়ার পর থেকে তাঁরা অসুস্থ হতে শুরু করেন। তাঁদের মধ্যে ২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গত শুক্রবার উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামের রইছ উদ্দিনের মেয়ের বিয়ে হয়। ওই দিন রইছ উদ্দিনের বাড়িতে দাওয়াত খাওয়ার পর গতকাল শনিবার সকাল থেকে ওই ব্যক্তিরা অসুস্থ হতে শুরু করেন। পরে গুরুতর অসুস্থ ২৬ জনকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রইছ উদ্দিন বলেন, ‘শুক্রবার বিকেলে আমি মেয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে তিন শতাধিক মেহমানকে দাওয়াত করি। কিন্তু দাওয়াত খাওয়ার পর গতকাল সকাল থেকে অনেক লোক পেটের পীড়া, বমি ও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে যান। কী কারণে এমন হলো কিছুই বুঝতে পারছি না। বাবুর্চি দিয়ে রান্না করিয়েছি।’
হাসপাতালে ভর্তি রৌশনা আক্তার বলেন, ‘দাওয়াতে গরুর মাংস, মাছের তরকারি, ডাল ও দই খেয়েছি। খাওয়ার পর বাড়িতে আসি। গতকাল ভোর থেকেই হঠাৎ করে আমার বমি শুরু হয়। পরে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে এসে দেখি আমার আগেই এলাকার আরও কয়েকজন একই রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাজাহারুল হক প্রথম আলোকে জানান, গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত শতাধিক রোগীকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে বিল্লাল মিয়া, নুরজাহান, মীম আক্তার, পূরবী বেগম, হাছান মেম্বার, আকলিমা, রৌশনা আক্তার, বজ আলী, শিপলু আক্তার, নাজনিন বেগমসহ ২৬ জনকে এখানে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ জানান, খাদ্যে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে। এতে ভয়ের কিছু নেই। নিয়মিত চিকিৎসায় তাঁরা সুস্থ হয়ে উঠবেন।