নিকলীতে খাদ্যে বিষক্রিয়ায় শতাধিক ব্যক্তি অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। গত বুধবার একটি বিয়েবাড়িতে দাওয়াত খাওয়ার পর গত বৃহস্পতিবার থেকে তাঁরা অসুস্থ হতে শুরু করেন। তাঁদের মধ্যে ৩১ জনকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকার অনেকে জানান, বুধবার উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা গ্রামের শামসুদ্দিনের ছেলে ইকবালের সঙ্গে একই উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামের রাজা সরদারের মেয়ে রুয়েনা আক্তারের বিয়ে হয়।
ওই দিন রাতে মেয়ের বাড়িতে ছয় শতাধিক মেহমান বিয়ের দাওয়াত খান। দাওয়াত খাওয়ার পর বৃহস্পতিবার দুপুর থেকে লোকজন পেটের পীড়া, বমি ও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসতে থাকেন। গতকাল শুক্রবার পর্যন্ত শতাধিক রোগীকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এদের মধ্যে ইসনাহার , লাভলু, ওয়াসিম উদ্দিন, সুবর্ণা, অন্তরা, মনোয়ারা, রোজিনা বেগম, জুয়েনা বেগমসহ ৩১ জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন৷
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আবদুল মজিদ জানান, নিয়মিত চিকিৎসায় তাঁরা সুস্থ হয়ে উঠবেন।