নিকলীতে চারু ও কারুকলার কোনো শিক্ষক নেই
কিশোরগঞ্জের নিকলী উপজেলার কোনো মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। এর প্রভাব চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে পড়বে বলে আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় নয়টি মাধ্যমিক ও একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। চলতি বছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যসূচিতে চারু ও কারুকলা বিষয় আবশ্যিক করা হয়েছে। এ বছর এই উপজেলার এক হাজার তিনজন জেএসসি পরীক্ষার্থীকে ওই বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কোনো মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের জনবলকাঠামোতে চারু ও কারুকলা বিষয়ে শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। তাই আবশ্যিক হওয়া সত্ত্বেও এ বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না। এ কারণে অন্য বিষয়ের শিক্ষক দিয়ে পাঠদান চলছে।
উপজেলার দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী হিমেল মিয়া ও স্মৃতি আক্তার প্রথম আলোকে জানায়, তাদের বিদ্যালয়ে চারু ও কারুকলা বিষয়ের কোনো শিক্ষক নেই। তাই জেএসসি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। সে জন্য চারু ও কারুকলা বিষয়ে ফল ভালো হওয়ার সম্ভাবনা কম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান হাবীব প্রথম আলোকে জানান, সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক না থাকলে পাঠদান করানো তো কঠিন। তাই ওই বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষক নিয়োগ দেওয়া দরকার।