নিকলীতে চারু ও কারুকলার শিক্ষক নেই
কিশোরগঞ্জের নিকলী উপজেলার মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে চারু ও কারুকলা বিষয়ে কোনো শিক্ষক নেই।
এতে আগামী ২ নভেম্বর অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলায় নয়টি মাধ্যমিক ও দুটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
গত বছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠ্যসূচিতে চারু ও কারুকলা বিষয়টি আবশ্যিক করা হয়। এ বছর উপজেলায় এক হাজার ৫৮৭ জন জেএসসি পরীক্ষার্থীকে ওই বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, কোনো মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের জনবলকাঠামোতে চারু ও কারুকলা বিষয়ে শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি।
তাই আবশ্যিক হওয়া সত্ত্বেও এ বিষয়ে শিক্ষক দেওয়া যাচ্ছে না। এ কারণে অন্য বিষয়ের শিক্ষক দিয়ে চারু ও কারুকলা বিষয়ে পাঠদান চলছে।
উপজেলার এবি নুরজাহান হোসেন উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী আদম আলী, ছানিয়া আক্তার; নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী জেবা তাসমিন, সেবিতা বর্মণ; দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের ছাত্র রাকিব মিয়া ও সুশান্ত সূত্রধর জানায়, তাদের বিদ্যালয়ে চারু ও কারুকলা বিষয়ের কোনো শিক্ষক নেই। তাই জেএসসি পরীক্ষার জন্য তারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারছে না।
দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফি উদ্দিন ও এবি নুরজাহান হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ বলেন, চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নিয়োগ না দিয়ে বিষয়টি পাঠ্য করায় শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা চিন্তিত হয়ে পড়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবীব জানান, সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক না থাকলে পাঠদান করানো কঠিন। তাই ওই বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষক নিয়োগ দেওয়ার দরকার।
বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু এখনো শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।