নিকলীতে ছয়জন গ্রাম্য মাতবর জেলহাজতে
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আত্মহত্যার চেষ্টায় প্ররোচনার মামলা হওয়ায় ছয়জন গ্রাম্য মাতবর গতকাল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন। বিচারিক হাকিম মুহম্মদ আলী আহসান আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।আসামিরা হলেন গ্রাম্য মাতবর শামছুদ্দিন ভূঁইয়া, নূরুল ইসলাম, রুবেল, কেনু, সুনু ও রতন।নিকলী থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিকলী উপজেলার কুর্শা মাইজহাটি গ্রামের খোকনের (২৫) সঙ্গে একই গ্রামের এক গৃহবধূর অনৈতিক সম্পর্ক আছে—এমন অভিযোগ তুলে গত ২৮ জুলাই রাতে গ্রামের কথিত সাতজন মাতবর সালিস বসান। তাঁরা খোকন ও তাঁর মা-বাবাকে বাড়ি থেকে ধরে আনেন। একইভাবে মেয়েটিকেও সালিসে হাজির করা হয়।মল্লিক খাঁর সভাপতিত্বে সালিসে রায় ঘোষণা করা হয়, ‘অসামাজিক সম্পর্কের অভিযোগে খোকনকে জুতার মালা পরে সারা গ্রামে ঘুরতে হবে। আর মেয়েটিকে একটি কলস নিয়ে এক পুকুর থেকে পানি তুলে পাঁচবার আরেকটি পুকুরে ফেলতে হবে।’সমাজপতিরা খোকনের বাবার হাত দিয়ে ছেলের গলায় জুতার মালা পরাতে বাধ্য করেন এবং খোকনের বাবার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা নিয়ে নিজেরা ভাগবাটোয়ারা করে নেন। ওই রাতেই ক্ষোভে ও অপমানে নিজের ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন খোকন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তাঁর পরিবার।এ ঘটনায় খোকনের মা বেদেনা বেগম বাদী হয়ে সোমবার ফতোয়া দেওয়া সাত মাতবরকে আসামি করে নিকলী থানায় মামলা করেন। এই সাত আসামির মধ্যে মল্লিক খাঁ ছাড়া অন্য ছয় আসামি গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পরে ছয় আসামিকে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।