নিকলীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে নিকলী থানার ওসিসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলা সদরের সাইটধার ও পূর্বগ্রাম এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০টি ফাঁকা গুলি ছোড়ে।
আহতদের মধ্যে ১৫ জনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন নোমান (১৮), সজিবুল (২২), জারফান (৪৫), কামাল (৩৫), আলী আকবর (২৫), টিটু মিয়া (৪০), নজরুল ইসলাম (৩৫), আমির হোসেন (৫০), বিল্লাল (৪৩), ফজর আলী (৩০), সাদ্দাম (২২), জলিল (৩৩), ইলিয়াস (২৮), আবদুল হামিদ (৬০) ও পুলিশ কনস্টেবল আকরামুল (২৭)। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন৷
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা সামনে রেখে গত বৃহস্পতিবার স্থানীয় কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে সাইটধার ও পূর্বগ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ হয়। খেলায় দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে একপর্যায়ে ম্যাচটি পণ্ড হয়ে যায়।
এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার সকালে পূর্বগ্রামের কয়েকজন সাইটধারে এলে সাইটধারের লোকজন তাদের মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে পূর্বগ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে তাদের পক্ষের লোকজনকে জড়ো করে।
সকাল সাড়ে ১০টার দিকে পূর্বগ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সাইটধারের লোকজনের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ঘ চলে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০টি ফাঁকা গুলি ছোড়ে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিকলী থানার ওসি ১০টি ফাঁকা গুলি ছোড়ার কথা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে সংঘর্ষে লিপ্ত হওয়া কোনো পক্ষই গতকাল বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় এজাহার দেয়নি।