নিকলীতে দেড় শ একরে বোরো আবাদ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের রাজী গ্রামের দুটি পাড়ার লোকজনের মধ্যে বিরোধের জের ধরে এলাকার দেড় শ একর জমিতে বোরো আবাদ বন্ধ হয়ে গেছে। একটি তুচ্ছ ঘটনায় রাজি দক্ষিণপাড়া এবং রাজি ইসলামপুরের লোকজনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়। এই ঘটনায় এই দুই পাড়ার লোকজনের মধ্যে বিরোধ-সংঘাত শুরু হয়।এলাকাবাসী ও ইটনা থানা সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ নভেম্বর গরুতে ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে রাজি ইসলামপুরের মো. আলী ওসমানের লোকজনের সঙ্গে রাজি দক্ষিণপাড়ার মো. ইদ্রিস মিয়ার লোকজনের সংঘর্ষ হয়। এতে আলী ওসমানের ছেলে আব্দুল আজিজ ও একই গ্রামের মো.আব্দুল হেলিম আহত হয়। গত ২ ডিসেম্বর ঢাকার একটি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় মো. আব্দুল আজিজ মারা যান। এ ঘটনায় ২ ডিসেম্বর দক্ষিণপাড়ার ২৯ জনকে আসামি করে ইটনা থানায় একটি মামলা দায়ের করেন নিহত ব্যক্তির ভাই ইসলামপুরের মো. নজরুল ইসলাম। ১২ ডিসেম্বর রাজি দক্ষিণপাড়ার মো. হাবিবুল্লাহ রাজি ইসলামপুর পাড়ার ৪০ জনকে আসামি করে ইটনা থানায় পাল্টা মামলা দায়ের করেন।ইদ্রিস আলীর পক্ষের কৃষক সাইদুর রহমান অভিযোগ করেন, আব্দুল আজিজের মৃত্যুকে কেন্দ্র করে মো. আলী ওসমানের লোকজন তাদের আমন ক্ষেতের ধান জোর করে কেটে নিয়ে যায় এবং বোরো চাষের জন্য তৈরি করা বীজতলা ও ২০টি সেচযন্ত্রের পাইপ নষ্ট করে ফেলে। হামলার ভয়ে তারা জমিতে যেতে পারছেন না।রাজি ইসলামপুর গ্রামের লোকজনের দাবি, তারা কারও ধান জোর করে কেটে নিয়ে আসেনি। রাজি দক্ষিণপাড়ার কোনো কৃষককে চাষাবাদে তারা বাধাও দেয়নি। তারা ভয়ে তাদের জমিতে আসছে না।সরেজমিনে দেখা গেছে, রাজি গ্রামের অদূরে হুলিয়ার হাওরে পূর্ব বাইত, ঢেঁকি, দিঘার মাঠ, ছাতল, ধরমেলা, আন্ধার, টংগী ভিটা ও পশ্চিম বাইত এলাকার বিস্তীর্ণ ফসলের মাঠ অনাবাদি অবস্থায় পড়ে আছে। বোরো ধানের বীজতলা সেচের অভাবে নষ্ট হয়ে গেছে।দক্ষিণ রাজি গ্রামের কৃষকেরা জানায়, বিষয়টি মীমাংসা করার জন্য তারা তিনবার সালিসের আয়োজন করেছিল। কিন্তু প্রতিপক্ষের লোকজন সালিসে বসতে রাজি হয়নি।রায়টুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসহাক উদ্দিন বলেন, ‘আমরা দুই পাড়ার লোকজনের বিরোধ নিষ্পত্তি করার জন্য চেষ্টা করেছি। কিন্তু উভয়পক্ষের লোকজন এ ব্যাপারে সম্মতি দেয়নি।’ ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আবু বকর বলেন, ‘ব্যাপারটি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা হয়েছে। কয়েক দিনের মধ্যেই ইউএনও ও আমি এলাকায় গিয়ে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করব।’ ইউএনও মো. শাহাদত্ হোসাইন জানান, এ ব্যাপারে উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।