নিকলীতে নদীভাঙনে দুই শতাধিক ঘরবাড়ি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ঘোড়াউত্রা নদীতে পানি বাড়ায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের ছাতিরচর গ্রামে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত তিন সপ্তাহে ঘোড়াউত্রা নদীর ভাঙনে গ্রামের উত্তরপাড়া ও পশ্চিমপাড়ার দুই শতাধিক ঘরবাড়ি, একটি মসজিদ, ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় ও পাঁচটি নলকূপ বিলীন হয়ে গেছে।গত ৮ মে সরেজমিন ছাতিরচর গ্রাম ঘুরে দেখা গেছে, ভাঙনের কারণে গ্রামবাসী আতঙ্কে আছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।ছাতিরচর গ্রামের লালবানু (৬৫), ফুলবানু (৩৯), আলতাবুল (২৫) ও রোকসানা (৪০) বলেন, ‘নদীভাঙনে আমাদের তিনটি করে ঘর বিলীন হয়ে গেছে।’ ভাঙনের শিকার ফরিদ (৪২), বিপ্লব (৩২) ও শুক্কুর আলী (৫০) বলেন, ‘বাড়িঘর হারিয়ে আমরা চেয়ারম্যানের বাড়িতে আশ্রয় নিয়েছি।’ গ্রামের মাছ ব্যবসায়ী ছমিরউদ্দিন (৫৫) বলেন, ‘একসময় গ্রামের দুই কিলোমিটার এলাকাজুড়ে মানুষের বসবাস ছিল। নদীভাঙনের কারণে গ্রামের আয়তন ধীরে ধীরে কমে বর্তমানে এক কিলোমিটারে এসে দাঁড়িয়েছে।’ ছাতিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনছুর আলী (৬০) বলেন, কোনো সরকারই নদীভাঙনের কবল থেকে ছাতিরচর গ্রামটি রক্ষার উদ্যোগ নেয়নি। ক্ষতিগ্রস্ত কাশেম মিয়া (৪৫) বলেন, ‘এমনিতেই পানিতে ধান তলিয়ে গেছে। তার ওপর দুটি ঘর নদীগর্ভে চলে গেছে। ছেলেমেয়েদের নিয়ে এখন কোথায় যাব বলতে পারছি না।’ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক চৌধুরী বলেন, ‘ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অন্য বছরের তুলনায় এবারের ভাঙনে বেশি পরিবার গৃহহারা হয়েছে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান বলেন, ‘ছাতিরচর গ্রামটি আমি পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানকে বাঁশ ও খড় দিয়ে প্রাথমিকভাবে ভাঙন ঠেকাতে বলা হয়েছে। বিষয়টি স্থানীয় সাংসদকে জানানো হয়েছে।’ স্থানীয় সাংসদ আফজাল হোসেন বলেন, ‘ছাতিরচর গ্রামে নদীভাঙন রোধে ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে।’