নিকলীতে পণ্যবোঝাই নৌকাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউত্রা নদীর ছাতিরচর ঘাটে পণ্যবোঝাই একটি নৌকা গতকাল সোমবার ভোরে ডুবে গেছে।
নৌকার মাঝি আবদুর রহিম মিয়া (৬০) জানান, গত রোববার দুপুরে ঘোড়াউত্রা নদীর ভৈরব বাজার ঘাট থেকে বিভিন্ন পণ্য বোঝাই করে নৌকাটি আজমিরিগঞ্জ উপজেলার কাকাইলচাউ বাজারের উদ্দেশে রওনা হয়।
রাস্তায় সন্ধ্যা হয়ে যাওয়ায় ডাকাতের ভয়ে নৌকাটি নিকলীর ছাতিচর ইউনিয়নের ছাতিচর ঘাটে নোঙর করে রাখা হয়।
গতকাল সোমবার ভোররাতে নৌকাটি ডুবে যেতে দেখে নৌকায় থাকা পাঁচ ব্যক্তি নদীতে ঝাঁপ দেন। পরে তাঁরা সাঁতরে তীরে ওঠেন।
আবদুর রহিম জানান, নৌকায় কাকাইলচাউ বাজারের ২০ জন ব্যবসায়ীর সার, ভোজ্যতেল, ময়দা, আটা, কেরোসিন, সিগারেট, সিমেন্টসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় ২৫ লাখ টাকার পণ্য ছিল। কিছু পণ্য স্থানীয় ডুবুরিরা পাড়ে তুলে আনছেন।
ছাতিচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হানিফ উদ্দিন ভূঞা বলেন, ‘নৌকাডুবির খবর পেয়ে আমি ঘোড়াউত্রা নদীর পাড়ে আসি। নৌকা থেকে কেউ যাতে মাল লুট করে নিতে না পারে, সে জন্য তিনজন গ্রাম পুলিশকে পাহারা দেওয়ার জন্য নদীর ঘাটে রাখা হয়েছে। তিনি বলেন, ‘আমার ধারণা, অতিরিক্ত পণ্যবোঝাই থাকার কারণে নৌকাটি ডুবে গেছে।’
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।