নিকলীতে পরিত্যক্ত দেখিয়ে সরকারি জমি ইজারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পরিত্যক্ত দেখিয়ে জেলা পরিষদ এক ব্যক্তিকে ১০ শতাংশ জমি ইজারা দিয়েছে। এ জমিতে বর্তমানে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও উপজেলা স্যানিটারি পরিদর্শকের কার্যালয় রয়েছে। এ ইজারা বাতিলের দাবিতে নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা রোববার মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিকলী সদর ইউনিয়নের কামারহাটি গ্রামে ১৭৩৮ দাগে ৮ শতাংশ ও ১৭৩৯ দাগে ৬ শতাংশ ভূমি রয়েছে জেলা পরিষদের। ১৯৮৭ সালের আগে এখানে স্বাস্থ্য কমপ্লেক্স ছিল। ১৯৮৭ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি অন্যত্র স্থানান্তরের পর বর্তমানে সেখানে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও উপজেলা স্যানিটারি পরিদর্শকের কার্যালয় রয়েছে। গত ১২ ফেব্রুয়ারি জেলা পরিষদ ওই জমি পরিত্যক্ত দেখিয়ে তার মধ্য থেকে ১০ শতাংশ জমি একই ইউনিয়নের নগর গ্রামের আতিকুল ইসলামের নামে ইজারা দেয়।গত ১৪ ফেব্রুয়ারি গভীর রাতে ইজারাদার টিনের বেড়া দিয়ে জায়গাটি ঘিরে ফেলেন। পরদিন সকালে এলাকাবাসী টিনের বেড়া ভেঙে ফেলে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম দাবি করেন, ‘এ জমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ২০০৯ সাল পর্যন্ত এ জমির খাজনা পরিশোধ করা আছে। জেলা পরিষদ যথাযথভাবে খতিয়ে না দেখে এবং স্বাস্থ্য বিভাগকে অবহিত না করে পরিত্যক্ত দেখিয়ে এ জমি ইজারা দেওয়া মানে ইজারাদারের সঙ্গে আমাদের বিরোধ বাধিয়ে দেওয়া।’ ইউএনও ফজলুর রহমান স্মারকলিপি পাওয়ার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘কীভাবে ইজারা দেওয়া হয়েছে, তা আমি বলতে পারব না।’ কিশোরগঞ্জ জেলা পরিষদের সচিব শাহনেওয়াজ দিলরুবা খান বলেন, অনেক আগেই জেলা পরিষদ তাদের জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। জেলা পরিষদ জেলার ১২টি উপজেলায় দাতব্য চিকিৎসালয়ের জন্য ভূমি দিয়েছিল। বর্তমানে প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মিত হয়েছে। তাই জেলা পরিষদ ভূমিগুলো পরিত্যক্ত দেখিয়ে বিধি মোতাবেক ইজারা দিতে পারে। এখানে কোনো অনিয়ম হয়নি।