নিকলীতে পাঁচ জয়িতা সংবর্ধনা পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলীতে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় পাঁচ নারী জয়িতা হিসেবে সংবর্ধনা পেয়েছেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল বুধবার উপজেলা মিলনায়তনে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়।
গতকাল দুপুরে মহিলাবিষয়ক অধিদপ্তরের নিকলী কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসমিন। ওই অনুষ্ঠানে জয়িতা হিসেবে নিকলীর কোনাবাড়ি গ্রামের সালেহা বেগম, মজলিশপুর গ্রামের ইসরাতউন নিসা, বর্ম্মণপাড়া গ্রামের মিনা রানী বর্ম্মণ, নয়াহাটি গ্রামের শারমিন আক্তার ও পুড্ডা গ্রামের জেসমিন আরাকে সংবর্ধনা দেওয়া হয়।
তাঁদের মধ্যে সালেহা বেগমকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী, ইসরাতউন নিসাকে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী, মিনা রানী বর্ম্মণকে সফল জননী, শারমিন আক্তার নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়ানো নারী ও জেসমিন আরাকে সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য জয়িতা হিসেবে বাছাই করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূঁইয়া, মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভিন, কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে নিজেদের অনুভূতি প্রকাশ করে পাঁচ নারী বক্তৃতা করেন। পরে জয়িতাদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
উপজেলার বর্ম্মণপাড়া গ্রামের মিনা রাণী বর্ম্মণ বলেন, ‘আমার চার ছেলে। এর মধ্যে তিন ছেলে চাকরি ও এক ছেলে পড়াশোনা করছে। আমার স্বামীর একার পক্ষে তাদের শিক্ষিত করা সম্ভব ছিল না। তাই আমি সংসারের কাজ শেষ করে দিন-রাত বাড়িতে দরজির কাজ করে ছেলেদের পড়ার খরচ পাঠিয়েছি।এভাবে কষ্ট করে ছেলেদের মানুষ করেছি। ইচ্ছা থাকলে সবই সম্ভব।’
নয়াহাটি গ্রামের শারমিন বলেন, ‘আমাকে খুব অল্প বয়সেই মা-বাবা বিয়ে দেন। বিয়ের কয়েক বছর পর স্বামী মারধর করে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। আমি আট বছর ধরে বাবার বাড়িতে থেকে বিভিন্ন ধরনের কাজ করে নিজের পায়ে দাঁড়িয়েছি। কিন্তু আমি আজও স্বামীর আট বছর আগের নির্যাতনের বিভীষিকা ভুলতে পারি না।’