নিকলীতে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪
কিশোরগঞ্জের নিকলীতে প্রতারণা করে গ্রামবাসীর কাছ থেকে দেড় লক্ষাধিক টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার ছাতিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার চারজন হলেন বাজিতপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের সোহেল (২৮), সাচিরচর গ্রামের সিব্বির আহমেদ (২৬), চাতালচর গ্রামের হৃদয় মিয়া (২০) ও কুলিয়ারচর উপজেলার আবদুল্লাহপুর গ্রামের শেখ হোসেন (৩২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাস খানেক আগে কয়েক ব্যক্তি নিকলী উপজেলার ভাঙনকবলিত দরিদ্র এলাকা ছাতিরচর ইউনিয়নে যান। তাঁরা নিজেদের ‘ওয়ার্ল্ড সোসাইটি অর্গানাইজেশন বাংলাদেশ’ নামের একটি এনজিওর কর্মকর্তা বলে পরিচয় দেন। গ্রামবাসীকে বিশুদ্ধ খাওয়ার পানিসহ খাদ্যসামগ্রী দেওয়ার আশ্বাস দেন। তাঁরা ১৫ দিন আগে ৮টি পরিবারের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিয়ে ৮টি নলকূপ বসিয়ে দেন। গত সোমবার বিকেলে তাঁরা ছাতিরচর গিয়ে গ্রামবাসীকে প্রতি মাসে প্রতি পরিবারকে ১ মণ চাল, ১৫ কেজি আটা, ৫ লিটার তেল ও ৫ কেজি ডাল দেওয়া হবে বলে জানান। এক বছর তাদের এসব খাদ্যসামগ্রী দেওয়া হবে বলে আশ্বাস দেন। এ জন্য তাঁরা ১০৩ জনের কাছ থেকে ১ হাজার ৩০০ টাকা করে এবং ২৬ জন প্রতিবন্ধীর কাছ থেকে ১ হাজার ৬৫০ টাকা করে আদায় করেন। কিন্তু একপর্যায়ে সন্দেহ হলে গ্রামবাসীর পক্ষ থেকে নিকলী থানার পুলিশকে খবর দেওয়া হয়। পরে নিকলী থানার সহকারী পরিদর্শক (এসআই) আবুল বাশার ঘটনাস্থলে গিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করেন। এ ছাড়া ১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করেন।