নিকলীতে প্রতিপক্ষের গুলিতে আহত ১৫
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় প্রতিপক্ষের লোকজনের ওপর এক পক্ষের গুলিতে ১৫ জন আহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে সিংপুর ইউনিয়নের সিংপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে সিংপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হাশিম মিয়ার সঙ্গে ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদের বিরোধ চলে আসছিল। সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পয়লা বৈশাখ উপলক্ষে রোববার রাতে এলাকার তরুণেরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে হারুনুর রশিদ মৃধার পক্ষের এক ব্যক্তি মঞ্চে উঠতে গেলে হাশিম মিয়ার পক্ষের লোকজন তাঁকে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হারুনুর রশিদ ও তাঁর লোকজন বন্দুক ও দেশীয় পাইপগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এ সময় হাশিম মিয়াসহ ১৫ জন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত আটজনকে প্রথমে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে গতকাল ভোরে তাঁদের বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।আহত ব্যক্তিরা হলেন নুরু মিয়া, রিয়াজুল হক, মফিজ আলী, আলতু মিয়া, দ্বীন ইসলাম, ফাইজুল মিয়া, আমিনুর ও আকরাম মিয়া। গুলিবিদ্ধ অপর সাতজন স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে ওই দিন রাতেই নিকলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে হারুনুর রশিদ ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসাসহ দেশীয় কয়েকটি অস্ত্র উদ্ধার করে। গতকাল অষ্টগ্রাম সার্েকলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই দিন সন্ধ্যায় হাশিম মিয়া বাদী হয়ে হারুনুর রশিদ মৃধাকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে নিকলী থানায় মামলা করেন। হারুনুর রশিদের মুঠোফোনের সংযোগ বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।