নিকলীতে প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার
কিশোরগঞ্জের নিকলীতে গত রোববার শারীরিক প্রতিবন্ধী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় সোমবার বিকেলে একই গ্রামের সায়েম উদ্দিনকে (৪৫) আসামি করে ওই নারী একটি মামলা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার কারপাশা ইউনিয়নের ওই প্রতিবন্ধী নারী (২৮) বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করতেন। রোববার দুপুরে তিনি বাড়ির পাশে পুকুরে গোসল করতে যাচ্ছিলেন। পথে সায়েম মিয়ার বাড়ির সামনে সায়েম ওই নারীকে মুখ চেপে ধরে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। কিন্তু সায়েম পালিয়ে যান। ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার প্রভাবশালী একটি মহল চেষ্টা করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সোমবার দুপুরে নিকলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সায়েমকে আসামি করে মামলা করেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মামলা হওয়ার পর থেকে আসামি সায়েমকে গ্রেপ্তার করতে কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। তাঁকে পাওয়া যায়নি। তবে অভিযান অব্যাহত থাকবে। গতকাল মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।