নিকলীতে বখাটেদের হাতে ছাত্রী লাঞ্ছিত
কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নে বখাটেদের উত্পাত বেড়ে গেছে। বিভিন্ন রাস্তার মোড়ে বখাটেরা দল বেঁধে আড্ডা দেয় ও বিদ্যালয়গামী ছাত্রীদের দেখলে নানা অশ্লীল উক্তি করে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ে যাওয়ার পথে এক ছাত্রী বখাটের হাতে লাঞ্ছিত হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, দামপাড়া ইউনিয়নের কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের মোড়, দামপাড়া সূত্রধরপাড়া সেতু, সাহেবহাটির মোড় ও কামালপুর রাস্তায় বখাটেদের আড্ডা বসে। তারা ছাত্রীদের দিকে ঢিল ছোড়ে ও তাদের ওড়না ধরে টান দেয়। এ অবস্থায় অনেক অভিভাবক তাঁদের মেয়েকে বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন। দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল সূত্রধর জানান, এর আগেও কয়েকবার বখাটেদের হাতে ওই বিদ্যালয়ের কয়েক ছাত্রী লাঞ্ছিত হয়েছে। পরে স্থানীয়ভাবে এসবের মীমাংসা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলী আকবর জানান, স্থানীয়দের নিয়ে বসে বিষয়টি মীমাংসা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।