নিকলীতে বজ্রপাতে ছয়জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গতকাল সোমবার সকালে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন। নিকলী সদর ইউনিয়নের পূর্বগ্রাম এবং গুরই ইউনিয়নের রৌয়া বিলে এ ঘটনা ঘটে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, পূর্বগ্রামের পরাইন্নারচরে কৃষিশ্রমিকেরা ধান কাটছিলেন। বৃষ্টি শুরু হলেও তাঁরা মাঠ ছেড়ে যাননি। এ সময় বজ্রপাতে নয়জন আহত হন। হাওরে কাজ করতে যাওয়া অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে নিকলী সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের সবাইকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শামছু (৬০), রাসেল (১৫) ও মানিক (৪২) নামের তিন শ্রমিক মারা যান। ওসি জানান, একই সময় গুরই ইউনিয়নের রৌয়া বিলে সাতজন জেলে নৌকায় করে মাছ ধরছিলেন। বজ্রপাতে পাড়াবাজিতপুর গ্রামের জেলে সুখলাল দাস (৪০) এবং হিলচিয়া গ্রামের জেলে ইসহাক মিয়া (৫০) ও ইব্রাহিম (৫৮) ঘটনাস্থলেই মারা যান। আহত হন বাকি চারজন। ওসি জানান, আহত ১০ জন বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।