নিকলীতে বিদ্যালয় মাঠে পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের আঠারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। গরু-ছাগলের ক্রেতা-বিক্রেতায় পূর্ণ। দর-কষাকষি চলছে, হইচইয়ের শব্দ পৌঁছাচ্ছে অনেক দূর পর্যন্ত। গতকাল বুধবার বেলা একটা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এই ছিল বিদ্যালয় মাঠের চিত্র। এভাবে প্রতি বুধবার এ মাঠে গরুর হাট বসানো হয়। এ কারণে বিদ্যালয়ে পাঠদানের সময় দুই ঘণ্টা কমিয়ে এনে বেলা দুইটায় ছুটি দেওয়া হয়।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র তানজিল ও ফাহিম মিয়া বলে, ‘বিদ্যালয় মাঠে পশুর হাট বসায় যত্রতত্র গোবর পড়ে থাকে। ছোট ছোট বাঁশের খুঁটি পুঁতে রাখায় কোনো দিনই বিকেলে বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করতে পারি না। অনেক সময় মাঠে পড়ে থাকা গোবরে পা পিছলে পড়ে গিয়ে জামা-কাপড় নষ্ট হয়।’

নাম প্রকাশ না করার শর্তে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী বলে, বৃষ্টি হলে ক্লাস চালু অবস্থায় বিদ্যালয়ের বারান্দায় গরু-ছাগল ও মহিষ ওঠায়। হাটের দিন দুপুরের আগে থেকে হইচই শুরু হয়। তাই ক্লাসে মনোযোগ থাকে না।

জারুইতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান মো. রইচ উদ্দিন বলেন, প্রায় পাঁচ বছর ধরে বিদ্যালয় মাঠে পশুর হাটটি বসে। মূলত এ পশুর হাট গোপিরায়ের বাজারের নামে ইজারা নেওয়া হয়। কিন্ত বাজারে জায়গা না থাকায় স্কুল মাঠেই হাটটি বসে।

হাটের বর্তমান ইজারাদার ও উপজেলা যুবলীগ নেতা আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার কাছ থেকে জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের পচন্দ্র আলী লিখিতভাবে বাজার উপ-ইজারা নিয়েছেন। তাঁরা কীভাবে স্কুল মাঠে হাট বসাচ্ছেন তা আমি বলতে পারব না।’ উপ-ইজারাদার পচন্দ্র আলী বলেন, পাঁচ বছর ধরে পশুর হাট হিসেবে এই মাঠ ব্যবহূত হয়ে আসছে। সরকারিভাবে এই হাট গোপিরায় বাজারের নামে ইজারা থাকলেও এলাকায় জায়গা না থাকায় এলাকার লোকজনকে নিয়েই স্কুল মাঠে গরুর হাট বসানো হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, গোপিরায় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও জারুইতলা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সফি উদ্দিন মাস্টার বলেন, ‘এলাকাবাসীর দাবির মুখে বিদ্যালয়ের জায়গায় গরুর হাট বসানো হয়েছে। আমরা হাটটি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করব।’

আটারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর চন্দ্র দেবনাথ বলেন, ‘আমরা চাই বিকেল চারটা পর্যন্ত ক্লাস নিতে; কিন্তু হাটের জন্য সময়ের দুই ঘণ্টা আগেই বিদ্যালয় ছুটি দিতে হয়। বিষয়টি আমি কয়েকবার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।

নিকলী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এমদাদ হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েকবার কথা বলেও কোনো কাজ হয়নি। পরে আমি বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান বলেন, ‘বিদ্যালয় মাঠে হাট বসানো নিয়ে কোনো সমস্যা হচ্ছে কি না, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা কেউ এ ব্যাপারে আমাকে কিছু জানাননি। আমি বিষয়টির ব্যাপারে খোঁজ নেব।’