নিকলীতে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে কিশোরগঞ্জের নিকলী উপজেলার বাসিন্দারা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। একই দাবিতে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপিও পেশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিকলী উপজেলার সদরসহ সাতটি ইউনিয়নে এক মাস ধরে পল্লী বিদ্যুতের লোডশেডিং অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ২৪ ঘণ্টার মধ্যে ২ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। লোডশেডিংয়ের কারণে বৈদ্যুতিক পাখা চলছে না। তাই প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে ২০ হাজার মানুষ। এ কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা, অফিসের কাজ। বিদ্যুৎ না থাকায় পোলট্রি খামার ও বিভিন্ন শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
তাই গ্রাহকেরা পল্লী বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবিতে গতকাল সকাল ১০টায় উপজেলার ঈদগাহ্ মাঠ এলাকায় জুতা, ভাঙা হারিকেন, লাঠি ও ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তাঁরা সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় ছাত্রলীগের উপজেলা কমিটির সভাপতি কারার তুলিপ, সদস্য আল আমিন, যুবলীগের সদস্য কারার মোশারফ ও কারার শরিফ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, সাত দিনের মধ্যে যদি পল্লী বিদ্যুতের অতিমাত্রায় লোডশেডিং বন্ধ না করে তাহলে তাঁরা উপজেলা পরিষদ ভবন ঘেরাও করবেন। পরে গ্রাহকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং বন্ধের ব্যবস্থা করার অনুরোধ করেন এবং তাঁর কাছে স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।
ইউএনও মোহাম্মদ মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ‘নিকলী উপজেলার পল্লী বিদ্যুতের লোডশেডিং অতিমাত্রায় হচ্ছে। এ কারণে জনগণ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আমি ওই স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক ও পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের বরাবর পাঠাব ও তাঁদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করব।’