নিকলীতে বেড়িবাঁধের গাছ কেটে বিক্রি করেছে প্রভাবশালীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের অনুমতি ছাড়াই এলাকার কয়েকজন প্রভাবশালী বেড়িবাঁধের অর্ধশত গাছ কেটে বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিকলী বেড়িবাঁধের পাশে ১০-১২ বছর আগে শতাধিক গাছ রোপণ করে সড়ক ও জনপথ বিভাগ। স্থানীয় কয়েকজন প্রভাবশালী গত বৃহস্পতিবার রাস্তার অর্ধশত গাছ হঠাত্ বিক্রি করে দেন। ওই দিন থেকে গাছগুলো কাটা শুরু হয়। শনিবার সবগুলো গাছ নিয়ে যান ক্রেতারা। স্থানীয় লোকজন গাছ কাটার কারণ জানতে চাইলে তাঁরা জানান, ‘রাস্তা পরিষ্কার করে নতুন মাটি ফেলানো হবে। তাই গাছ কাটা হচ্ছে।’গতকাল সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, কাটা গাছের গোড়াগুলো পড়ে আছে। এলাকাবাসী জানায়, তিন লক্ষাধিক টাকার গাছ কাটা হয়েছে।দেলোয়ার মিয়া বলেন, ‘রাস্তার ৪০টি গাছ সাত হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এতে দোষের কী? গাছগুলো রাস্তার ওপরে ছিল। রাস্তায় মাটি ফেলতে হলে গাছগুলো কাটতে হবে।’ পূর্ব গ্রামের আল আমিন বলেন, ‘গাছগুলো ১৩ হাজার টাকায় হোটেল ব্যবসায়ী ও জ্বালানি কাঠ বিক্রেতাদের কাছে বিক্রি করেছেন নূরু মিয়া, দেলোয়ার মিয়া, নাজমুল, সফি উদ্দিন ও জিপু। এর সঙ্গে আমি জড়িত নই।’নিকলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বোরহান উদ্দিন জানান, বেড়িবাঁধ থেকে গাছ কাটার বিষয়টি তিনি শুনেছেন। গাছ কাটার ঘটনার সত্যতা নিশ্চিত করে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।