নিকলীতে ভূমি কমিশনারের পদ দুই বছর শূন্য
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদটি দুই বছর ধরে শূন্য রয়েছে। এ কারণে দাপ্তরিক কাজে অচলাবস্থা দেখা দিয়েছে। জমিজমাসংক্রান্ত কাজ করতে এলাকার লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) মো. মোহসীন উদ্দিন ২০১১ সালের ১২ আগস্ট বদলি হয়ে অন্যত্র গেলে পদটি শূন্য হয়। এরপর থেকেই ইউএনও ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। ইউএনও নিজের দপ্তরের দায়িত্ব পালনের পর সময় পেলে ভূমি কার্যালয়ে গিয়ে কাগজপত্রে সই করেন। এ কারণে জমিজমাসংক্রান্ত কাজে দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে।
এদিকে অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে ইউএনওর পক্ষে উপজেলায় আগের মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।
দলিল লেখক মোহব্বত আলী বলেন, নতুন নিয়ম অনুসারে জমি কেনাবেচায় নামজারি ও খারিজ বাধ্যতামূলক করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকায় জমির ক্রেতা ও বিক্রেতারা বিভিন্ন সমস্যার সন্মুখীন হচ্ছেন।
ইউএনও মো. হাবিবুর রহমান বলেন, নিজ দপ্তরের কাজের পর ভূমি কার্যালয়ে গিয়ে কাজ করতে খুবই সমস্যা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।