নিকলীতে মা-ছেলের অস্বাভাবিক মৃত্যু
কিশোরগঞ্জের নিকলী উপজেলার পুরানহাটি গ্রামে এক গৃহবধূ ও তাঁর তিন বছরের ছেলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিজ ঘর থেকে গতকাল বুধবার সকালে লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ। খাদ্যে বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।
পুরানপাড়া গ্রামের মাসুদ মিয়ার (৩০) সঙ্গে প্রায় ছয় বছর আগে একই উপজেলার মধ্যপাড়া গ্রামের শুকতারা বেগমের (২২) বিয়ে হয়। তাঁদের একমাত্র ছেলের নাম মাহিম।
মাসুদের বরাত দিয়ে নিকলী থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন গতকাল বেলা সোয়া তিনটার দিকে প্রথম আলোকে জানান, গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে তিনজন ঘুমিয়ে ছিলেন। সকালে মাসুদ জেগে দেখেন তাঁর স্ত্রী তখনো ওঠেননি। পরে তিনি ডেকেও স্ত্রী ও ছেলের কোনো সাড়া পাননি। একপর্যায়ে তিনি চিৎকার করলে কয়েকজন প্রতিবেশী ছুটে আসেন। তাঁরা বুঝতে পারেন মা-ছেলের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। মাসুদকে আটক করে থানা আনা হয়।
পরিদর্শক (তদন্ত) জানান, লাশ দুটির সুরতহালে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। এ ছাড়া ওই পরিবারের রাতের খাবারের উচ্ছিষ্ট অংশ রাসায়নিক পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।