নিকলীতে সংঘর্ষে আহত আয়ূব আলীর মৃত্যু
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের গবীন্দ্রপুর গ্রামে প্রতিপক্ষের দায়ের কোপে মাথায় আঘাতপ্রাপ্ত আয়ূব আলী (৬০) গতকাল বৃহস্পতিবার ভোরে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। এদিকে ঘটনার চার দির পরও পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি।পুলিশ জানায়, ১৩ ফেব্রুয়ারি সকালে নিকলী গবীন্দ্রপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে একই গ্রামের আয়ূব আলী ও শাজাহান মিয়ার মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়। প্রতিপক্ষ শাজাহানের লোকজনের দায়ের কোপে গুরুতর আহত হন আয়ূব আলী। তাৎক্ষণিক তাঁকে নিকলী হাসপাতালে ভর্তি করা হলে চার দিন চিকিৎসার পর গতকাল ভোরে আয়ূব আলী সেখানে মারা যান।হাসপাতালের টিএইচও এহসানুল হক মুকুল জানান, আয়ূব আলী রাত ১১টার দিকে হাসপাতালে নিজ সিট থেকে উঠে বাইরে যান। এরপর ফিরতে দেরি হতে দেখে তাঁর খোঁজ করা হয়। এ সময় হাসপাতালের পাশে একটি গাছের নিচে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে সেখান থেকে তুলে এনে তাঁর শয্যায় শোয়ানো হয়। ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান হাসপাতালে আয়ূব আলী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের পর ওই দিনই উভয় পক্ষ থানায় মামলা করে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।