নিকলীতে সংঘর্ষে আহত ৩০
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার গুরুই ইউনিয়নের ছেতরা গ্রামে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে নজরুল ইসলাম, দুলু মিয়া, সোলমান, একত আলী, জসিম, মো. বিল্লাল, আসাদুল, আলফাজ ও রেখা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ছয়জনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গুরুই ইউনিয়নের ছেতরা গ্রামের কলিমুদ্দিন এবং জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের সোলেমানের দুটি গরু মাঠে ঘাস খাওয়ার সময় লড়াই শুরু করে। কলিমউদ্দিন নিজের গরুটি আনতে মাঠে যান; কিন্তু সাজনপুর গ্রামে রটে যায়, কলিমউদ্দিন সোলায়মানের গরুটিকে পিটিয়ে মেরে ফেলছেন। এ গুজবে সাজনপুরের বিপুলসংখ্যক লোক সোলায়মানের পক্ষ হয়ে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে গুরুই এলাকার ছেতরা গ্রামে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হয়। হামলাকারীরা ছেতরা গ্রামের পাঁচটি বসতঘর ভাঙচুর করে এবং একই গ্রামের দুটি দোকানে ভাঙচুর ও লুটপাট করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিকলী থানার ওসি মো. মাহবুব আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।