নিকলীতে সংঘর্ষে ছাত্র নিহত, বাহুবলে আহত অর্ধশতাধিক
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গতকাল শনিবার বিলে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ছাড়া হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।কিশোরগঞ্জ: স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গাছতলা গ্রামে দীর্ঘদিন থেকে নাসির ও হবি পক্ষের মধ্যে স্থানীয় দিঘা বিলের দখল নিয়ে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার হবির পক্ষের লোকজন ওই বিলে মাছ ধরতে গেলে নাসিরের পক্ষের লোকজন তাতে বাধা দেয়। এ ঘটনার জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নাসিরের পক্ষের সাত্তারের ১১ বছরের ছেলে বাবু মিয়া নিহত হয়। সে সাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ১০ জন। গুরুতর আহত ছয়জনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জারইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাতেন জানান, দিঘা বিল নিয়ে পূর্ববিরোধের জের ধরে ওই দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নিহত বাবু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।বাহুবল (হবিগঞ্জ): পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার ১ নম্বর স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান হরমুজ আলী জুয়া খেলার অভিযোগে স্থানীয় উত্তর স্নানঘাট গ্রামের মুজাম্মিল উল্লার ছেলে দরছ মিয়াকে পুলিশে সোপর্দ করেন। বেলা ১১টার দিকে হরমুজ আলী ওই গ্রামে গেলে দরছ মিয়ার লোকজন তাঁকে লাঞ্ছিত করে। এ খবর ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী গ্রামগুলোতে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুপুর ১২টার দিকে পার্শ্ববর্তী ফতেহপুর, গোয়ালবাদা, আলাপুর, নিধনপুর, হোসেনপুর, স্বস্থিপুর, চক-হায়দর, আব্দাকামাল, ধুপাখাই, কালাখারইল ও শংকরপুর গ্রামের লোকজনের সঙ্গে উত্তর স্নানঘাটের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ এসে বিকেল চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত বিকাশ দাশ, ফারুক মিয়া, ইলামান্ত দাশ, শফিক মিয়া, হরমুজ আলী, নাসির মিয়া ও খলিল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড টিয়ার শেল ও ২৩ রাউন্ড গুলি ছুড়তে হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।