নিকলীতে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৮৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের জারইতলা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। নিকলী থানার উপপরিদর্শক (এসআই) অরুণ কুমার বসাক বাদী হয়ে গতকাল শুক্রবার ওই মামলা করেন।গত বৃহস্পতিবার ছিল ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। সন্ধ্যায় ভোট গণনার সময় নিজেদের পরাজয়ের আশঙ্কা করে আওয়ামী লীগের সমর্থকেরা ভোটকেন্দ্রে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে বিএনপির সমর্থকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের হামলার শিকার হয়। পরে পুলিশ গুলি ছোড়ে। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হন।এলাকার কয়েকজন বাসিন্দা এ ঘটনার জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের কর্মী বাতেন মিয়া ও বর্তমান চেয়ারম্যান বিএনপির সমর্থক রইস উদ্দিনকে দায়ী করছেন। স্কুল কমিটির নির্বাচন সাধারণত নির্দলীয় হয়। কিন্তু তাঁদের ইন্ধনে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচনে দুটি প্যানেল করে। রাজনৈতিকভাবে প্যানেল করার কারণেই নির্বাচন নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল। ওই উত্তেজনা পরে নির্বাচনের দিন ব্যাপক সংঘর্ষে রূপ নেয়।জারইতলা গ্রামের আবু বাক্কার ও ফজলুর রহমান জানান, এই ইউনিয়নে যাই ঘটুক না কেন, বর্তমান ও সাবেক চেয়ারম্যান দুই পক্ষে যোগ দিয়ে পরিস্থিতি জটিল করে তোলেন।প্রিসাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুজ্জামান হাবিব প্রথম আলোকে জানান, সংঘর্ষ হলেও তিনি নির্বাচনের ফলাফল ঘোষণা করে এসেছেন। বিএনপির সমর্থক প্যানেল জয়ী হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে মারামারি কাম্য নয়।নিকলী থানার এসআই নুরুল আলম খান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে আটক গুলিবিদ্ধ সুলাইমান, মেনু মিয়া ও আবু তাহেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।