নিকলীতে সওজের ৩০টি রেইনট্রি মারা গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনের রাস্তায় অজ্ঞাত রোগে মারা গেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের বিশাল আকারের কমপক্ষে ৩০টি রেইনট্রি গাছ। গাছগুলোর প্রতিটির আনুমানিক মূল্য ৩০ থেকে ৪০ হাজার টাকা।আমলাতান্ত্রিক জটিলতার কারণে গাছগুলো কাটা হচ্ছে না। ফলে মূল্যবান গাছগুলো একদিকে যেমন নষ্ট হচ্ছে, অন্যদিকে এলাকাবাসীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব গাছের মোটা মোটা ডালপালা যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় ২৫ থেকে ৩০ বছরের বিশাল আকারের মৃত রেইনট্রি গাছগুলো দাঁড়িয়ে আছে। গাছের ডালগুলো শুকিয়ে ভেঙে ভেঙে পড়ছে। কোনো কোনো গাছের ডাল স্থানীয় ব্যক্তিরা কেটে নিয়ে যাচ্ছে। আরও বেশ কিছু গাছের অর্ধেকেরও বেশি ডালপালা মরে গেছে।