নিকলীতে স্কুলছাত্রকে অপহরণ ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গত রোববার মো. সুমন মিয়া (১৬) নামের এক স্কুলছাত্রকে অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। সুমন উপজেলার দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে। সে দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ে।ওই স্কুলছাত্রের পরিবার ও পুলিশ জানায়, কিছুদিন আগে কটিয়াদী উপজেলায় বাড়ি পরিচয় দিয়ে এক ব্যক্তি সুমনদের বাড়িতে যান। ওই ব্যক্তি সুমনকে জানান, তিনি দামপাড়া এলাকায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যক্রম শুরু করবেন। এ জন্য তিনি এলাকায় জরিপকাজ করতে এসেছেন। এ জরিপকাজে তিনি সুমনের সহযোগিতা চান। সুমনকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তি এলাকার কিছু মানুষের তালিকাও করেন। তবে তাঁর নাম-ঠিকানা কিছুই জানতেন না সুমনের পরিবারের লোকজন। রোববার ইফতারের কিছু আগে ওই ব্যক্তি সুমনদের বাড়িতে আসেন। তিনি সুমনকে জানান, নতুন এনজিও করার লক্ষ্যে তাঁর ‘বস’ এলাকা দেখতে এসেছেন। তিনি নৌকায় অপেক্ষা করছেন। সুমনকে নিয়ে তিনি নৌকায় করে এলাকা ঘুরে বেড়াবেন, নৌকাতেই ইফতার করবেন। সুমন তাঁর বাড়ির সামনে অপেক্ষমাণ একটি ইঞ্জিন নৌকায় তিনজনকে অপেক্ষা করতে দেখেন। এভাবে প্রতারণার ফাঁদে ফেলে সুমনকে নৌকায় তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে ঘটনার পর থেকে পুলিশ ছেলেটিকে উদ্ধার করতে হাওরের বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।সুমনের বড় ভাই মোকারম হোসেন বলেন, ‘সুকৌশলে আমার ভাইকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। রোববার রাত ১১টার দিকে একটি মুঠোফোন নম্বর থেকে আমার মুঠোফোনে একটি কল আসে। এ সময় নাম-পরিচয় না বলে এক ব্যক্তি জানায়, মুক্তিপণের জন্য তোর ভাইকে অপহরণ করা হয়েছে। তোকে না পেয়ে তোর ভাইকে নিয়ে এলাম। সুমনকে জীবিত পেতে ওই ব্যক্তি আগামীকাল (গতকাল সোমবার) রাতের মধ্যে ভৈরব সেতুর কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ নিয়ে যেতে বলেন।’এলাকার অনেকে জানান, মোকারম হোসেন নারায়ণগঞ্জের ফতুল্লায় অনেক দিন ধরে লেবার সর্দারের কাজ করছেন। তাঁর কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করতেই তাঁর ছোট ভাইকে অপহরণ করা হয়েছে।নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব আলম জানান, ধারণা করা হচ্ছে, সুমনকে হাওরের দুর্গম কোনো স্থানে লুকিয়ে রাখা হয়েছে। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রথম আলোকে জানান, তাঁর নেতৃত্বে অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জামাল উদ্দিনসহ ডিবি ও থানা-পুলিশের একটি বিশেষ দল গতকাল সোমবার ভোর থেকে হাওরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। মিঠামইন, নিকলী, করিমগঞ্জ ও কটিয়াদীর জলসীমায় তল্লাশি চালানো হচ্ছে। স্পিডবোট নিয়ে হাওরে চলাচলকারী বিভিন্ন নৌকাও তল্লাশি করা হচ্ছে।