নিকলীতে ১০৯১ প্রতিবন্ধী ভাতাবঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক হাজার ৩৯৫ জন প্রতিবন্ধীর মধ্যে ৩০৪ জন ভাতা পাচ্ছেন। বাকি এক হাজার ৯১ জন প্রতিবন্ধীর নাম এখনো সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় তাঁরা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত বছরের জুন পর্যন্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এই উপজেলার তালিকাভুক্ত প্রতিবন্ধীর সংখ্যা ছিল ৩০৪ জন। তবে গত বছরের ডিসেম্বর মাসে উপজেলা সমাজসেবা কার্যালয় এক জরিপে নতুন করে আরও এক হাজার ৯১ জন প্রতিবন্ধীর তালিকা করে।
২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত করা জরিপ অনুযায়ী উপজেলার সাতটি ইউনিয়নে মোট প্রতিবন্ধীর সংখ্যা এক হাজার ৩৯৫। এর মধ্যে নারী ৭০৬, পুরুষ ৬৮৭ ও হিজড়া দুজন। আর বর্তমানে ভাতা পাওয়া ৩০৪ জনের মধ্যে নারী ১১৬ ও পুরুষ ১৮৮ জন। তালিকাভুক্ত ৩০৪ জন প্রতিবন্ধী মাসে ৫০০ টাকা করে ভাতা পান।
সর্বশেষ জরিপ অনুযায়ী সদর ইউনিয়নে ২৩২ জন, সিংপুরে ২২৯, কারপাশায় ১৩৪, দামপাড়ায় ২০০, জারুইতলায় ২১৭, গুরুইয়ে ২১৬ ও ছাতিরচরে ১৬৭ জন প্রতিবন্ধী আছেন। আর বর্তমানে সদর ইউনিয়নের ৬২ জন, সিংপুরের ৫২, কারপাশার ৩৭, দামপাড়ার ৩৪, জারুইতলার ৪৫, গুরুইয়ের ৪২ ও ছাতিরচর ইউনিয়নের ৩২ জন সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। তবে সর্বশেষ তালিকায়ও পাঁচজন প্রতিবন্ধীর নাম ওঠেনি।
দামপাড়া ইউনিয়নের সূত্রধরপাড়ার শারীরিক প্রতিবন্ধী নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সুবর্ণা সূত্রধর বলে, ‘কলেজ থেকে আমাদের বাড়ির দূরত্ব চার থেকে পাঁচ কিলোমিটার। কলেজে আসা-যাওয়ার সময় ১০ মিনিট পর পর রাস্তায় বসে জিরিয়ে আবার হাঁটতে শুরু করি। সরকার থেকে এক টাকাও ভাতা পাই না।’
ছাতিরচর ইউনিয়নের ছাতিরচর উত্তরপাড়া গ্রামের মৃত সোলেমান মিয়ার মেয়ে প্রতিবন্ধী নুরেনেছা (৪০) বলেন, ‘এ পর্যন্ত কোনো সরকারের কাছ থেকে টেহা পাই নাই। গত বছর একটা লোক এসে আমার নাম লিইখা নিয়ে গেছে। কই, এহনো টেহা পাইলাম না। এ জগতে আমার কেউ নাই।’
ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মিয়া বলেন, নতুন জরিপে নুরেনেছার নাম দেওয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মঈনুর রহমান প্রথম আলোকে বলেন, এখন পুরোনো তালিকা অনুযায়ী ৩০৪ জন প্রতিবন্ধী সরকারি ভাতা পাচ্ছেন। গত দুই বছরে শারীরিক প্রতিবন্ধী ২০ জনকে হুইলচেয়ার দেওয়া হয়েছে।
সর্বশেষ গত বছরের ডিসেম্বর পর্যন্ত করা নতুন তালিকায় মোট প্রতিবন্ধীর সংখ্যা এক হাজার ৩৯৫ জন। নতুন তালিকা যাচাই-বাছাই করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় ওই তালিকা অনুমোদন করলে বাকি প্রতিবন্ধীদের ভাতা দেওয়া হবে।