নিকলীর আ.লীগ নেতা দিলদারের হাত-পা উদ্ধার হয়নি
কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের বানিয়া-ধান হাওরে গত রোববার ডাকাতদের হামলায় আহত আওয়ামী লীগের স্থানীয় নেতা দিলদার আহাম্মেদ খানের (৩৫) বিচ্ছিন্ন হাত ও পা ছয় দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গত বুধবার রাতে করিমগঞ্জ থানায় ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন দিলদারের ভাই দেলোয়ার আহাম্মেদ খান।ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন দিলদারের অবস্থা গুরুতর।মামলার এজাহার ও আহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, দিলদারের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের ডাকাত তামসু বাহিনীর সদস্য কালাম, মফিজ, নুরু ও শাহিনের মধ্যে মামলা চলছিল। দিলদার ডাকাতদের কাজে বাধা দেওয়ায় ইতিপূর্বে তাঁদের মধ্যে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধ্যায় দিলদার ও ইউপি সদস্য ইমান আলী মোটরসাইকেলে করে কারপাশার নানশ্রী ফিরছিলেন। পথে বানিয়াধান হাওর এলাকায় ডাকাত নুরু ও মফিজ বাহিনীর লোকজন দিলদারের ওপর হামলা চালিয়ে তাঁর বাঁ পা ও ডান হাত কেটে নিয়ে পালিয়ে যায়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূঞা ও সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম জানান, দিলদার কারপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সে সব সময় অন্যায়ের প্রতিবাদ করত।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘আসামিদের গ্রেপ্তার এবং কাটা হাত-পা উদ্ধারে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।