নিকলীর গ্রামে বিদ্যুৎ নেই আট দিন
পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের নতুন বাজারসংলগ্ন চামারটুলা গ্রামে আট দিন ধরে বিদ্যুৎ নেই। এ কারণে ওই গ্রামের কয়েক শ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নিকলী পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, ট্রান্সফরমারটি গত ২৫ জুন হঠাৎ বিকল হয়ে যায়।
এলাকার কয়েকজন জানান, ওই ট্রান্সফরমারের আওতাধীন এলাকায় শতাধিক গ্রাহক রয়েছে।
গতকাল বুধবার দুপুরে দরগাবাড়ি জামে মসজিদের কয়েকজন মুসল্লি বলেন, বিদ্যুৎ না থাকায় তারাবির নামাজ পড়তে কষ্ট হচ্ছে।
চামারটুলা গ্রামের আদম আলী বলেন, ২৬ জুন ট্রান্সফরমারটি খুলে নেওয়ার সময় পল্লী বিদ্যুতের লোকজন গ্রামবাসীকে বলেন, ‘এটি মেরামত করার জন্য ১৮ হাজার টাকা দিতে হবে। আমরা বসে ১৮ হাজার টাকা তোলার সিদ্ধান্ত নিয়েছি। আজ (গতকাল বুধবার) সকালে অফিসের লোক এসে আমাকে বলেন, ১৮ হাজারে হবে না। ৪৫ হাজার টাকা দিতে হবে। এখন আমরা এত টাকা দিব কীভাবে।’
অভিযোগ অস্বীকার করে নিকলী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রধান লাইনম্যান গোপাল গোপ বলেন, ‘আমি কোনো টাকা চাইনি। এটি মিথ্যা কথা। আগে ট্রান্সফরমারটি ছিল ছোট। এখন একটু বড় ট্রান্সফরমার দিতে হবে। তাই একটু দেরি হচ্ছে। এ জন্য গ্রাহকদের কিছু টাকা কিশোরগঞ্জ কার্যালয়ে জমা দিতে হবে।