নিকলীর ছয়টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পাঁচটিতে প্রধান শিক্ষকের পদ সাত বছর ধরে শূন্য রয়েছে। অন্য একটিতে পাঁচ মাস হলো পদ শূন্য হয়েছে। বিদ্যালয়গুলো হলো ধিওরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোড়াদীঘা প্রাথমিক বিদ্যালয়, সিংপুর প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়, ধারিশ্বর প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ জারুইতলা প্রাথমিক বিদ্যালয়। সহকারী শিক্ষকেরা এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
গোড়াদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক খাইরুল আলম বলেন, বিদ্যালয়ে পাঁচজন শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন তিনজন। এর মধ্যে একজনকে সব সময় প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে হয়। এতে সঠিক সময়ে সব ক্লাস নেওয়া সম্ভব হয় না। প্রধান শিক্ষকের পদ শূন্য ও একজন প্রেষণে রয়েছেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।