নিকলীর ছয় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ পাঁচ বছর ধরে শূন্য রয়েছে।বিদ্যালয়গুলো হলো গোড়াদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধিওরাইল প্রাথমিক বিদ্যালয়, শহরমূল প্রাথমিক বিদ্যালয়, রসুলপুর প্রাথমিক বিদ্যালয়, পাড়াবাজিতপুর প্রাথমিক বিদ্যালয় ও দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।গোড়াদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক কবিরুল হক জানান, বিদ্যালয়ে তিনজন শিক্ষকের পদ থাকলেও আছেন একজন। আর একজন আছেন প্রেষণে। এর মধ্যে তাঁকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, ছয়টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।