নিকলীর দুজনের বিরুদ্ধে পরোয়ানা, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের নিকলী উপজেলা থেকে মুসলেম উদ্দিন প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে একই অভিযোগে সৈয়দ মুহাম্মদ হুসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল মঙ্গলবার এ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর কিছুক্ষণের মধ্যেই নিকলী থানার কামারহাটি গ্রামের নিজ বাড়ি থেকে মুসলেম উদ্দিন প্রধানকে গ্রেপ্তার করে নিকলী থানার পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়ে রাখা হয়। সেখান থেকে বিকেল সাড়ে চারটার দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, আজ বুধবার মুসলেম উদ্দিনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহাবুব আলম প্রথম আলোকে বলেন, মুসলেম উদ্দিন প্রধানকে গ্রেপ্তার করা হলেও সৈয়দ মুহাম্মদ হুসাইন এখনো পলাতক। তিনি দেশের বাইরে পালিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা বলেছে, একাত্তরে মুক্তিযুদ্ধকালে সৈয়দ মুহাম্মদ হুসাইন ছিলেন তাড়াইল-নিকলী থানার রাজাকার কমান্ডার। তাঁর সহযোগী ছিলেন নিকলীর মুসলেম উদ্দিন প্রধান। ১৯৭১ সালে তাঁরা পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে নিকলীতে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ নানা ধরনের মানবতাবিরোধী অপরাধ করেন।