নিকলীর পালপাড়ার মৃৎশিল্পীরা ব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলার পালপাড়ায় শুকানো হচ্ছে মাটির তৈজসপত্র। গতকাল তোলা ছবি l প্রথম আলো
কিশোরগঞ্জের নিকলী উপজেলার পালপাড়ায় শুকানো হচ্ছে মাটির তৈজসপত্র। গতকাল তোলা ছবি l প্রথম আলো

মাটির তৈরি তৈজসপত্রের টুং টাং শব্দ। হাতের কারুকাজে কাদামাটি দিয়ে হয়েছে বাহারি সব পণ্য। এসব তৈরির পর শুকানো, আগুনে পোড়ানো, রং করা ও নির্ধারিত স্থানের বৈশাখী মেলায় পাঠানো—কিশোরগঞ্জের নিকলী উপজেলার পালপাড়া এলাকার চিত্র এখন এমনই। নিকলীর মৃৎশিল্পীদের সব ব্যস্ততা এখন পয়লা বৈশাখঘিরে।
পালপাড়ার ঠাকুরধন পাল, প্রতীপ পাল, রিপন পাল, পরিতোষ পাল, কাজল পাল, বিশ্ব পাল, রবীন্দ্র পাল, হরিদাস পাল, বলাই পাল, জীবন পাল, ক্ষিতীশ পাল, রঞ্জিত পাল ও সুভাষ পালের হাতের ছোঁয়ায় কাদামাটি হয় শিল্প।
মাটি দিয়ে তাঁদের তৈরি পণ্য ভৈরব, কিশোরগঞ্জ, হোসেনপুর, কটিয়াদী ও বাজিতপুর উপজেলার বিভিন্ন বৈশাখী মেলায় বিক্রি হয়ে আসছে। মেলার চাহিদা মেটাতে প্রতিবছরের মতো এ বছরও একই ধরনের ব্যস্ততা তাঁদের।
পালপাড়ার কয়েকজন মৃৎশিল্পী জানান, গত বছরের তুলনায় এ বছর মাটির পণ্যে নতুনত্ব এসেছে। অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে হাতি, ঘোড়া, গরু, হরিণ, সিংহ, বাঘ, ভালুক, জেব্রা, হাঁস, মুরগি, শিশুদের খেলার হাঁড়িপাতিল, কয়েলদানি, মোমদানি, ফুলদানি, আম, কাঁঠাল, পেঁপে, আনারস, কামরাঙ্গা, আতাফল, ঘটি-বাটি, কলস। কোনো রাসায়নিক ছাড়াই তৈরি করা হয়েছে মাটির এসব পণ্য। এসব পণ্য রং করা হয় প্রাকৃতিক উপায়ে পাওয়া গাছের কষ দিয়ে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, শেষ সময়ে মৃৎশিল্পীরা বেশ ব্যস্ত। মেলা ঘনিয়ে আসছে, তাই কাজ দ্রুত শেষ করার জন্য পরিবারের সব সদস্যসহ বাড়তি শ্রমিক নিয়োগ করা হয়েছে।
পরিতোষ পাল জানান, একসময় নিকলীর পালপাড়ার মৃৎশিল্পীরা পুতুল, কলস, বাচ্চাদের খেলনা, রসের হাঁড়িসহ গ্রামবাংলার ঘরে ব্যবহারের উপযোগী নানা ধরনের মাটির সামগ্রী তৈরি করতেন। কিন্তু ধীরে ধীরে তাঁরা অন্যান্য পণ্যও তৈরি শুরু করেন।
ঠাকুরধন পাল জানান, প্রতিবছর বৈশাখী মেলা করে নিকলীর পালপাড়ার অর্ধশতাধিক পরিবারের লোকজনের আর্থিক সচ্ছলতা এসেছে। তাঁদের সন্তানেরা পড়াশোনা করছে, অভাব দূর হয়েছে। আধুনিক মানের সিরামিকের পণ্যকে চ্যালেঞ্জ করে মাটির শিল্প টিকে রয়েছে। নিকলীর মৃৎশিল্পীরা খুব কৌশলী হওয়ায় তাঁরা এ পেশাকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছেন।