নিকলীর সেই অপহূত স্কুলছাত্র করিমগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার উত্তর দামপাড়া গ্রাম থেকে ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যাওয়ার ৩১ ঘণ্টা পর স্কুলছাত্র সুমন মিয়াকে (১৬) উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে করিমগঞ্জ উপজেলার নানশ্রী গ্রামের একটি জঙ্গলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

 সুমনকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ করিমগঞ্জের নানশ্রী গ্রামের মানিক মিয়া (২৮) ও কিশোরগঞ্জ সদর উপজেলার কালিয়াকান্দা গ্রামের হুমায়ুন কবিরকে (২৬) গ্রেপ্তার করেছে। সুমন উত্তর দামপাড়া গ্রামের নূর ইসলাম মিয়ার ছেলে ও দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

 পরিবার জানায়, কিছুদিন আগে বেসরকারি সংস্থার কর্মকর্তা পরিচয়ে আল-আমিন নামের এক ব্যক্তি সুমনদের বাড়িতে যান। গত রোববার বিকেলে তিনি সুমনকে জানান, তাঁর ‘বস’ এলাকা পরিদর্শনে এসেছেন। সুমনকে নিয়ে তিনি নৌকায় ঘুরে বেড়াবেন। ওই ব্যক্তির কথামতো সুমন তার বাড়ির সামনে থেকে সেই নৌকায় ওঠে। পরে ওই নৌকা থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এ নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘নিকলীতে স্কুলছাত্র অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।

সুমনের বড় ভাই আনোয়ার হোসেন জানান, তিনি সোমবার দুপুরে নিকলী থানায় মামলা করেন। এরপর পুলিশের পরামর্শে মুক্তিপণের টাকা দেওয়ার বিষয়টি নিয়ে তিনি অপহরণকারীদের সঙ্গে কথা বলেন। অপহরণকারীরা তাঁকে সদর উপজেলা পাক্কার মাথা এলাকায় টাকা নিয়ে যেতে বলে। সেখানে আগে থেকেই অবস্থান নেয় পুলিশ। সোমবার
রাত সাড়ে নয়টার দিকে সেখানে টাকা নিতে এলে মানিক ও হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী করিমগঞ্জের নানশ্রী খায়েদের পাড়ার একটি জঙ্গল থেকে রাত ১২টার দিকে সুমনকে উদ্ধার করা হয়।

 জেলা পুলিশের কার্যালয়ে গতকাল দুপুরে সুমন সাংবাদিকদের জানায়, নৌকায় তোলার পর তাকে ইফতারি খেতে দেওয়া হয়। এ সময় সাত-আটজন তার হাত-পা বেঁধে ফেলে। পরে তাকে নৌকার পাটাতনের নিচে রেখে দেওয়া হয়। রাতেই তাকে একটি বাড়িতে নিয়ে আটকে রাখা হয়।

 কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান সুমনকে উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেছেন।