নিকলীর হাওরে আবার চারটি সেচযন্ত্র চুরি
কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরে সেচযন্ত্র চুরির ঘটনা ঘটছে। গতকাল সোমবার দুটি স্কিম থেকে চারটি সেচযন্ত্র চুরি হয়েছে। স্থানীয় কৃষকেরা বলেছেন, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন হাওর থেকে ১৫টি শ্যালো মেশিন চুরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে ১৫-২০ জনের সংঘবদ্ধ চোরের দল নিকলীর রূপেরকান্দি হাওরের স্কিমে হামলা করে দুটি শ্যালো মেশিন এবং একই সময় চুন্তিখালী স্কিমে হামলা করে ইয়াকুব আলীর দুটি শ্যালো মেশিন চুরি করে ইঞ্জিনচালিত ট্রলারে করে নিয়ে যায়। রূপেরকান্দি স্কিমের সদস্য আ. রহমান বলেন, ‘ভোরে ইঞ্জিনচালিত নৌকায় করে এসে দুর্বৃত্তের দল আমাদের তিনজনের হাত-পা বেঁধে দুটি শ্যালো মেশিন নৌকায় তুলে নিয়ে যায়।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, এভাবে বোরো জমির মাঠ থেকে মেশিন চুরি হলে সেচের অভাবে ধানের ফলন কম হবে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান বলেন, মেশিন চুরির ব্যাপারে গতকাল নিকলী থানায় একটি চুরির মামলা হয়েছে। পাশাপাশি চুরি রোধে পুলিশি টহল জোরদার করা হবে।