নিকলীর ২০ বিদ্যালয়ের শৌচাগার অনুপযোগী
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ২০টি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পাঁচটিতে কোনো শৌচাগারই নেই। এতে এসব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নিকলীতে ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২০টি বিদ্যালয়ের শৌচাগার ব্যবহারের অনুপযোগী। আর পাচঁটিতে শৌচাগারই নেই।
ডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, বিদ্যালয়ে ২১২ জন শিক্ষার্থী আছে। তাদের জন্য রয়েছে মাত্র একটি শৌচাগার। পাঁচ বছর ধরে তাও নষ্ট।
নাম প্রকাশে অনিচ্ছুক এ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী বলে, স্কুলে টয়লেট ব্যবহার করা যায় না। মেয়েরা লজ্জায় কারও বাড়িও যায় না। প্রয়োজন পড়লে অনেক সময় বিদ্যালয় থেকে ছুটি নিয়ে বাড়ি চলে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ ভূঁইয়া বলেন, প্রস্রাব-পায়খানা দীর্ঘক্ষণ চেপে রাখলে ইউরিন ইনফেকশন ও কোষ্ঠকাঠিন্যের মতো রোগ দেখা দেয়। পরবর্তী সময়ে তা কিডনি বিকল করে দিতে পারে। এ ছাড়া যথাসময়ে প্রকৃতির ডাকে সাড়া না দিতে পারলে শিশুরা পাঠেও মনোযোগ দিতে পারে না। তিনি আরও বলেন, ‘শুধু পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচাগারের অভাবেই শৈশবেই আমাদের দেশে বহু মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হয়। যার ফল সুদূরপ্রসারী।’
সরেজমিনে ভাটিবরাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটির দোতলা ভবনটিতে ছয়টি কক্ষ। একটিতে শিক্ষকেরা বসেন। বাকিগুলো শ্রেণিকক্ষ। ভবনের উত্তর পাশে ভবন লাগোয়া দুটি শৌচাগার আছে। দুটিই পরিত্যক্ত। বিদ্যালয়ে ৫১৪ জন শিক্ষার্থী আছে। তাদের জন্য নির্মিত শৌচাগারটি অনেক আগেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। বাধ্য হয়ে তারা পাশে শিক্ষকদের জন্য নির্মিত শৌচাগারটি ব্যবহার করত। এখন সেটিও নষ্ট। তাই প্রকৃতির ডাকে শিক্ষক-শিক্ষার্থী সবাইকেই যেতে হয় আশপাশের বাড়িতে। অনেক সময় কোনো কোনো শিক্ষার্থী নিজ বাড়িতেও যায়। সেদিন তারা আর বিদ্যালয়ে ফিরে আসে না বলে জানান প্রধান শিক্ষক রতন কুমার সূত্রধর।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের ভূঁইয়া বলেন, ‘আমি কয়েক মাস হয় নিকলীতে এসেছি। বিষয়টি আমার জানা নেই। তবে যেসব বিদ্যালয়ের শৌচাগারগুলো ব্যবহারের অনুপযোগী সেগুলো মেরামত করে ব্যবহারের উপযোগী করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে।’