নিকলীর ২৫টি স্থানে প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মদ, গাঁজা, হেরোইন, ফেনসিডিল, ইয়াবাসহ মাদকদ্রব্য ব্যবসার ব্যাপক বিস্তার ঘটেছে। উপজেলার সাতটি ইউনিয়নের ২৫টি স্থানে প্রকাশ্যে এসব মাদকদ্রব্য বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন জানান, মাদকাসক্তের সংখ্যা বাড়ার পাশাপাশি প্রতিদিনই উপজেলায় চুরির ঘটনা ঘটছে। মাদকসেবীরা নেশার টাকা জোগাড় করতে এসব চুরি করছে। সদর ইউনিয়নের পুরান বাজার, সদর হাসপাতাল, মহরকোনা বাজার ও ষাইটধারে এবং জারইতলা ইউনিয়নের সাজনপুর বাজারে গত এক সপ্তাহে অন্তত ১০টি চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন রাস্তায় একাধিক ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন বলেন, ওই বিদ্যালয় থেকে দুই মাসে চারটি সিলিংফ্যান ও দুটি নলকূপ চুরি করেছে উঠতি বয়সের মাদকসেবীরা।সিংপুর গ্রামের ইমাম হোসেন বলেন, ‘মান-ইজ্জতের ভয়ে কিছু বলতে সাহস পাই না। নেশাখোরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় সন্তানদের নিয়ে উৎকণ্ঠার মধ্যে আছি।’ অনুসন্ধানে জানা যায়, সদর ইউনিয়নের কুলুহাটি, টিঅ্যান্ডটি মোড়, চার রাস্তার মোড়, মহরকোনা বাজার, নতুন বাজার, বেড়িবাঁধ, জারইতলা ইউনিয়নের মুচিবাড়ি, সাজনপুর, রসুলপুর বাজার, বাচ্ছু মিয়ার বাড়ি, চান মিয়ার বাড়ি, গুরই ইউনিয়নের নতুন বাজার, বন্যাশ্রয় কেন্দ্র, ছাতিরচর ইউনিয়নের ছাতিরচর বাজার, প্রতিরক্ষা দেয়ালের পাশে, সিংপুর ইউনিয়নের সিংপুর বাজার, সিংপুর জালহাটি, বাটি বরাট্টা, সিংপুর বেড়িবাঁধ, গোড়াদিঘা, কারপাশা ইউনিয়নের মুচিবাড়ি, জালালপুর মুচিবাড়ি, জয়বাংলা বাজার, দামপাড়া ইউনিয়নের দামপাড়া বাজার ও দামপাড়া স্কুল মাঠে প্রকাশ্যে এসব মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। দামপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, উপজেলা আইনশৃঙ্খলা সভায় মদ বিক্রি বন্ধ করার জন্য বারবার বলার পরও কোনো কাজ হয়নি। সন্ধ্যার পর দামপাড়ায় মাদকাসক্তদের উৎপাত শুরু হয়। এতে এলাকাবাসী অতিষ্ঠ। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে তেমন ভূমিকা রাখতে পারছে না। মাঝেমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ মদ-গাঁজা আটক করে। কিন্তু ব্যবসা বন্ধ হয় না। জারইতলা ইউপি চেয়ারম্যান রইছউদ্দিন জানান, রাত-দিন নেশাগ্রস্তদের উৎপাতে এলাকার লোকজন ভীতির মধ্যে থাকে। কারপাশা ইউনিয়নে কারপাশা ও জালালপুরের ছয়-সাতটি পরিবার চোলাই মদ তৈরি করে। সেখান থেকে মদ উপজেলার বিভিন্ন গ্রামে মাদকাসক্তদের কাছে পৌঁছে দেওয়া হয় বলে জানান ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা খাতুন বলেন, ‘আমার গ্রাম টিক্কল হাটিতে মরম আলী ও বিল্লাল মিয়া মদ ও গাঁজা বিক্রি করছেন। পুলিশকে বলার পরও কোনো কাজ হচ্ছে না।’নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বলেন, যেভাবে নিকলীতে মাদক বিক্রেতা ও সেবনকারীর সংখ্যা বাড়ছে, তাতে অভিভাবক মহল উদ্বিগ্ন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে নিকলীর যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান জানান, উপজেলা আইনশৃঙ্খলা সভায় মাদকের বিরুদ্ধে আলোচনার পর বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটজনকে করাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতি সপ্তাহে দুই দিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মাদককে ‘না’ বলার পরামর্শ দেওয়া হচ্ছে। মাদক, ইভ টিজিং, জুয়ার বিরুদ্ধে অচিরেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মৌঈদ বলেন, চুরি-ছিনতাই ও মাদকাসক্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে—তা ঢালাওভাবে বলা ঠিক না। তবে গত জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে ১০টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৫ জন মদ বিক্রেতাকে।